মামলা ২৫, পাঁচটিতে অভিযোগপত্র
অগ্নিসংযোগ, ব্যালট ছিনতাইসহ নানা সহিংসতার মধ্য দিয়ে নীলফামারীর দুটি আসনে ভোট গ্রহণ করা হয়। এসব সহিংসতার ঘটনায় তিনটি থানায় ২৫টি মামলায় তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। আসামিদের মধ্যে ১৭৭ জনের নাম আছে, আর ২ হাজার ৮২৩ জন অজ্ঞাতনামা। এ পর্যন্ত গ্রেপ্তার ১৬১ জন। পাঁচটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনে ভোট গ্রহণ হয়। সহিংসতার জন্য নীলফামারী-১ আসনের ১১টি ও নীলফামারী-৩ আসনের পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছিল। অগ্নিসংযোগ ও সহিংসতায় জলঢাকা উপজেলায় আটটি, ডোমার উপজেলায় ছয়টি এবং ডিমলা উপজেলায় নয়টি ভোটকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ব্যালট ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ডিমলায় ১১টি, জলঢাকায় চারটি ও ডোমারে একটি।
ভোটের আগে ৪ জানুয়ারি রাতে ডিমলা উপজেলার বেপারীতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে অগ্নিসংযোগ করার সময় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৫) নামে শিবিরের এক কর্মী নিহত হন। জাহাঙ্গীরের বাড়ি খালিশাচাপানী গ্রামে। তিনি কারমাইকেল কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী প্রথম আলোকে জানান, ডিমলা থানায় ১৩টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলায় ১২৭ জনের নাম উল্লেখ করে এবং ১১টি মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখ করা তিনজনসহ ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এর মধ্যে দু-তিনটির অভিযোগপত্র শিগগিরই আদালতে দাখিল করা হবে।
৫ জানুয়ারি সকালে ভোট চলাকালে জলঢাকা উপজেলার বালাপাড়া গাবরোল কাছারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে হামলা চালানোর সময় পুলিশের গুলিতে মমতাজ হোসেন (৫০) নামে জামায়াতের আরেক কর্মী নিহত হন। মমতাজের বাড়ি গাবরোল গ্রামে। তিনি ভেরভেরী দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।