মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, লুটপাট ও সম্পত্তি দখলের ঘটনায় করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য মামলাগুলোর তথ্য, এজাহার ও অভিযোগপত্রের সত্যায়িত কপি জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে পুলিশ সদর দপ্তর, সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান। এ ছাড়া দ্রুততম সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার নিশ্চিত করতে ‘সংখ্যালঘুদের ওপর সংঘটিত অপরাধ দমন-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করতে আইন মন্ত্রণালয়ে আরেকটি চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনসচিবকে অনুরোধ করা হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচার করতে এ-সংক্রান্ত সব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনকারীদের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ গতকাল বুধবার সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচার বিষয়ে মন্ত্রণালয়ের আইন শাখার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেসব স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে, সেসব এলাকার দ্রুত বিচারযোগ্য মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হলো।

একইভাবে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, বাড়ি লুট ও সম্পত্তি দখলের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলাগুলোর দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার প্রস্তাব আজ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।