মামলাজটে সুবিচার ব্যাহত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, আদালতে মামলার সংখ্যা বাড়ছে। সংবিধানে প্রতিটি নাগরিকেরই সুবিচার পাওয়ার অধিকার থাকলেও মামলাজটে তা ব্যাহত হচ্ছে। তিনি বিচারকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বলেন, বিচারপ্রার্থীরা কী মামলা নিয়ে আসছেন, এতে লাভ-ক্ষতি কী হচ্ছে এবং সমাজে এর প্রভাব কী—তা বিবেচনা করলে আদালতে মামলার সংখ্যা অনেক কমে যাবে।গতকাল শনিবার চট্টগ্রামে ‘বাংলাদেশ ল কমিশন’ আয়োজিত ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান বিচারপতি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে চট্টগ্রাম জেলা ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক, নিম্ন আদালতের বিচারিক হাকিম, আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।অতীতে আদালতে মামলার সংখ্যা এত বেশি ছিল না উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকাজে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এর মধ্য দিয়ে উন্নত বিশ্ব বিচার-প্রক্রিয়ায় অনেক এগিয়ে গেলেও আমরা পিছিয়ে যাচ্ছি।’ তিনি উপস্থিত সবাইকে ‘আত্মজিজ্ঞাসা’র তাগাদা দিয়ে বলেন, ‘সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আইনের প্রতি মানুষের মধ্যে যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, তা আমাদের দূর করতে হবে। কথা কম বলে কিছু কাজ করার বিষয় আমাদের ভেবে দেখা উচিত।’ অতীতে সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হতো উল্লেখ করে তিনি বলেন, এর উপযোগিতা এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।ল কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদের সভাপতিত্বে সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন ল কমিশনের সদস্য মো. শাহ আলম, প্রধান গবেষণা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা শারমিন নিগার। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) নামের একটি সংগঠন সেমিনারে সহযোগিতা করে।প্রবন্ধে আখতারুজ্জামান উল্লেখ করেন, ২০১০ সালের ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নয় হাজার ৩৭৫টি, হাইকোর্ট বিভাগে দুই লাখ ৯৩ হাজার ৯০১টি এবং অধস্তন আদালতে ১৫ লাখ ২৫ হাজার ৮৮৯টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে আপিল বিভাগে এক হাজার ৪৩৬টি, হাইকোর্ট বিভাগে এক লাখ ৯৯ হাজার, দায়রা আদালতে দুই লাখ ৭০ হাজার ৬০ এবং ম্যাজিস্ট্রেট আদালতে সাত লাখ ৪৯ হাজার ৬০৮টি ফৌজদারি মামলা বিচারাধীন আছে।ল কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ বলেন, মামলার নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে, বিচারপ্রার্থীদের ভোগান্তি ও হতাশা বাড়ছে। এতে তাঁরা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন। বিচারক বাড়লেই মামলাজট কমবে—এমন ধারণা ভুল উল্লেখ করে তিনি বলেন, ‘আদালতে মামলার সংখ্যা দ্রুত বাড়ছে। বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিতে হবে।’সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. জাকির হোসাইন, মুখ্য মহানগর হাকিম কে এম শামসুল আলম, মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী, সেইলসের প্রধান নির্বাহী উত্তম কুমার দাশ ও অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।ব্যান্ডেজে বাঁধা জীবনপাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র লোকমান হোসেন (২২)। সংসারে আছেন বৃদ্ধ মা। সম্পদ বলতে ছোট ভিটেবাড়ি। আর আছে বিশাল স্বপ্ন। পড়াশোনা শেষ করে ভালো বেতনে চাকরি করবেন, মায়ের মুখে হাসি ফোটাবেন। সেই স্বপ্ন পূরণে লোকমানকে সপ্তাহে চার দিন এলাকায় দিনমজুরের কাজ করতে হতো। আর ক্লাস করতেন তিন দিন। এমন করেই চলছিল লোকমানের সংগ্রাম। বৃদ্ধ মায়ের একমাত্র অবলম্বন লোকমান আজ ভালো নেই। ২৯ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর কোমর, ডান হাত এবং দুই পায়ের মোট ছয়টি স্থানের হাড় ভেঙে যায়। পরে তাঁকে ঢাকার ট্রমা সেন্টারে ভর্তি করে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয় আট দিন। কিন্তু অর্থাভাবে ঢাকায় আর চিকিৎসা করা সম্ভব হয়নি। পরে বগুড়ার একটি ক্লিনিকে লোকমানের হাত ও পায়ের অস্ত্রোপচার করা হয়। কিন্তু কোমরের অস্ত্রোপচারের জন্য তাঁকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া প্রয়োজন। এ জন্য লাগবে অন্তত ১০ লাখ টাকা। অর্থাভাবে লোকমানের চিকিৎসা এখন বন্ধ। তাঁর স্বপ্ন ও বেঁচে থাকার প্রচণ্ড আকাঙ্ক্ষা ব্যান্ডেজে যেন এখন বাঁধা পড়েছে। কোমরের সফল অস্ত্রোপচার না হলে সারা জীবনের জন্য পঙ্গু থাকতে হবে লোকমানকে। এ অবস্থায় মানবিক সহযোগিতাই পারে তাঁকে বাঁচিয়ে রাখতে। মো. সালাহ উদ্দিন, চলতি হিসাব নম্বর: ২১০২০০৮৭৯২, ঢাকা ব্যাংক লিমিটেড, বংশাল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।