মামলাজটের কারণ বিশাল জনগোষ্ঠী ও বিচারক স্বল্পতা: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীর কারণে প্রাথমিকভাবে আদালতগুলোয় মামলা বেশি। তা ছাড়া আদালতে বিচারাধীন মামলার তুলনায় বিচারকের সংখ্যা লক্ষণীয়ভাবে কম। যে কারণে দিন দিন মামলাজট বাড়ছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার বিকেলে বাংলাদেশে ন্যাশনাল জাস্টিস অডিট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। আইন মন্ত্রণালয় ও জার্মান সহযোগিতা সংস্থা জিআইজেডের যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু হচ্ছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশে এক মিলিয়ন লোকের বিপরীতে ১০ জন করে বিচারক, যেখানে যুক্তরাষ্ট্রে ১০৭ জন, কানাডায় ৭৫, ইংল্যান্ডে ৫১, অস্ট্রেলিয়ায় ৪১ এবং ভারতে ১৮ জন। ভারতে ৩০ মিলিয়ন বিচারাধীন মামলার বিপরীতে ২৩ হাজার বিচারক। বাংলাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩ দশমিক ৪ মিলিয়ন, যার বিপরীতে বিচারক আছেন মাত্র ১ হাজার ৬৪৭ জন। ভারতে গড়ে ১ হাজার ৩৫০ মামলা বিচারাধীন, যেখানে প্রতি বিচারক বছরে ৫১৬টি মামলা নিষ্পত্তি করেন। অন্যদিকে বাংলাদেশে গড়ে ২ হাজার ১২৫ মামলা বিচারাধীন। যেখানে ২০১৭ সালে জনপ্রতি বিচারক ৭০০ মামলা নিষ্পত্তি করেছেন।


আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল শুলথেসিস।