মামলাটি ধামাচাপা দিতে প্রশাসন তত্পর ছিল

২০০৪ সালে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) ঘাটে ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ার ঘটনাটি ধামাচাপা দেওয়ার সব ধরনের চেষ্টা করা হয়েছে। তত্কালীন চারদলীয় জোট সরকারের আমলে প্রশাসনের শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তাই বিষয়টি জানতেন। এজন্য প্রশাসনের কর্তাব্যক্তিদের হস্তক্ষেপে মামলাটি তখন দুর্বল করে দেওয়া হয়।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশাল অস্ত্র চালান আনার সঙ্গে জড়িত উলফা সদস্যদের পালিয়ে যেতে সাহায্য করা হয়। নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় এই মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে। যে দুই পুলিশ সার্জেন্ট প্রথমে ঘটনাস্থলে যান এবং যাঁদের কারণে অস্ত্র চালান আটক করা সম্ভব হয়, তাঁদের একজনকেও মামলার বাদী বা সাক্ষী করা হয়নি। এ ছাড়া বন্দর ফাঁড়িতে ঘটনার বিবরণ দিয়ে দায়ের করা সার্জেন্ট আলাউদ্দীনের প্রথম সাধারণ ডায়েরি (জিডি) ছিঁড়ে ফেলে পরে দায়সারা গোছের একটি জিডি লিপিবদ্ধ করা, দুই সার্জেন্ট আলাউদ্দীন ও হেলালউদ্দীন ভূঁইয়াকে ‘সাজানো’ অস্ত্র মামলায় গ্রেপ্তার করা—সবই ছিল এই তত্পরতার অংশ। এই মামলায় জড়িতদের শাস্তি অনেকাংশে নির্ভর করে সাক্ষীদের ওপর।
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা থেকে শুরু করে মামলার সাক্ষ্য নেওয়া পর্যন্ত প্রতিটি স্তরে গরমিল রয়েছে। আর এসব গরমিলই চাঞ্চল্যকর এই মামলার ভিত্তিকে দুর্বল করে তোলে। তাই ২০০৭ সালের ১৯ নভেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধিকতর তদন্তের আবেদন করেন চট্টগ্রাম মহানগর আদালতের তত্কালীন সরকারি কৌঁসুলি (পিপি) আহসানুল হক।
এই মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ২০০৯ সালের ২ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এই অস্ত্র আনা হয়েছিল। আর এ অস্ত্র আনার বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ প্রশাসনের অনেকেই জানতেন।
তিন ঘণ্টা আটক পাঁচ উলফা সদস্য: ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একাধিক সদস্য জানান, সিইউএফএল জেটিতে অস্ত্র খালাসকালে রাত দেড়টার দিকে স্থানীয় পুলিশ প্রথমে উলফার পাঁচজন সদস্যকে অন্তত তিন ঘণ্টা বন্দর পুলিশ ফাঁড়িতে আটকে রাখে। থানার এজাহারে এঁদের নাম ছিল এ রকম—রহিম (পিতা-রফিকুল ইসলাম, রামনগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার), শহিদুল ইসলাম (পিতা-রাজ্জাক আলী, আশরাফনগর, রাজনগর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল), সৈয়দ আহমদ (পিতা-আবদুল হালিম, টেকনাফ, কক্সবাজার), আবদুর রফিক (পিতা-আবদুল গফুর, কদমহাটা, রাজনগর, মৌলভীবাজার) ও মো. মাসুদ (পিতা-মকবুল হোসেন, বদরগঞ্জ, রংপুর)। তাঁদের পরনে লুঙ্গিসহ ঘাটের শ্রমিকের মতো পোশাক ছিল। কথাবার্তায় সিলেটি টান ছিল।
সার্জেন্ট আলাউদ্দীন প্রথম আলোকে তখন বলেছিলেন, ‘ঘটনাস্থল থেকে রাত আনুমানিক দেড়টার দিকে তাঁদের কৌশলে আটক করে একটি টেম্পোতে করে বন্দর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি আমি ও সার্জেন্ট হেলাল। এ সময় সিইউএফএল ঘাটে উপস্থিত থেকে হাফিজ ও আবুল হোসেন (এক উলফা নেতা) মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় কথা বলে অস্ত্র খালাস করে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন।’ তিনি বলেন, ‘ফাঁড়িতে পাঁচ উলফা সদস্য আটক থাকাকালে এঁদের উপস্থিতিতে নিজেই ঘটনার বর্ণনা দিয়ে একটি জিডি দায়ের করি। এঁদের ফাঁড়ির জিম্মায় রেখে আমি ফিরে আসি সিইউএফএল ঘাটে।’
আলাউদ্দীন আরও বলেন, তত্কালীন ডিসি-পোর্টে আবদুল্লাহেল বাকির নির্দেশে হাবিলদার গোলাম রসুল পরদিন বিকেলে সেই জিডি ছিঁড়ে ফেলেন।’ পরে আসল ঘটনা আড়াল করে একটি দায়সারা গোছের জিডি করা হয়। ফলে মামলাটি প্রথমেই অনেকাংশে গুরুত্বহীন হয়ে পড়ে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
সসম্মানে মুক্তি: তত্কালীন নগর পুলিশের উপকমিশনার (ডিসি-পোর্ট) আবদুল্লাহেল বাকি ও সহকারী কমিশনার-বন্দর (এসি-পোর্ট) মো. মাহমুদুর রহমান বিশাল পুলিশ দল নিয়ে রাত পৌনে দুইটার দিকে সিইউএফএল ঘাটে আসেন। এসেই ডিসি-পোর্ট উলফা নেতা আবুল হোসেনকে খুঁজতে থাকেন।
জানা গেছে, আবদুল্লাহেল বাকি ফাঁড়িতে আটক পাঁচ উলফা সদস্যকে নিয়ে আসার নির্দেশ দেন। এ সময় বন্দর থানার ওসি আহাদুর রহমানের ব্যবহূত পিকআপে করে সার্জেন্ট আলাউদ্দীন আটক পাঁচ উলফা সদস্যকে ফাঁড়ি থেকে সিইউএফএল ঘাটে আনেন। এসি-পোর্ট এগিয়ে গিয়ে পিকআপ থেকে নেমে আসা উলফা সদস্যদের হাতকড়া নিজেই খুলে দেন এবং গ্রেপ্তারের জন্য তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেন বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক পুলিশ সদস্যদের কাছে জানা যায়।
পুলিশের ওই সদস্যরা আরও জানান, এরপর আবদুল্লাহেল বাকি নিজের গাড়িতে করে উলফার ওই পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে পালানোর সুযোগ করে দেন। তাঁর গাড়ির চালক আকরামুল হক (কনস্টেবল নম্বর-১৪৫০) ও দেহরক্ষী নায়েক কামরুল হাসান (কনস্টেবল নম্বর-২০৩৩) ওই গাড়িতে ছিলেন। এঁদের একজন প্রথম আলোকে বলেন, ওই পাঁচজন গাড়িতে ওঠার পর শেষে ওঠেন উলফা নেতা আবুল হোসেন। এর কিছুক্ষণ আগে হাফিজও কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন। কনস্টেবল আকরামুল হক এবং নায়েক কামরুল হাসান পাঁচ উলফাকে ডিসি-পোর্টের গাড়িতে করে পালানোর সুযোগ করে দেওয়ার প্রত্যক্ষদর্শী।
এসি-পোর্ট মাহমুদের সঙ্গে কথা বলার জন্য ২০০৯ সালে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তিনি তখন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যোগাযোগ করা হলে তাঁর কার্যালয় থেকে বলা হয়, তিনি ঢাকায় প্রশিক্ষণে আছেন। মুঠোফোনে চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে থানায় আটক থাকা পাঁচ উলফাকে এলাকা ছাড়ার সুযোগ দেওয়ার পর আবদুল্লাহেল বাকি ঘাটের পাঁচ শ্রমিককে গ্রেপ্তার দেখানোর জন্য ওসি আহাদুর রহমানকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ওসি আহাদ স্থানীয় ঘাট থেকে পাঁচ নিরীহ শ্রমিককে কাজের কথা বলে ডেকে আনেন। এঁদেরই পরে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এঁরা হলেন প্রদীপ কুমার দাশ (২০), মোহাম্মদ সিরাজুল ইসলাম (২১), নূরন্নবী (২০), হেলাল উদ্দীন (২০) ও বাবুল মিয়া (২২)। তদন্তে এ ঘটনায় এঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানা যায়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
অবশ্য আবদুল্লাহেল বাকি উলফা সদস্যদের আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। ২০০৯ সালে সিআইডির সদর দপ্তরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘১০ ট্রাক অস্ত্র আটক ঘটনা অনেক দিন আগের, অনেক কিছু এখন মনে পড়ছে না।’ খালাসের কাজে জড়িত পাঁচ উলফা সদস্যকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে করে পালানোর সুযোগ করে দেওয়া প্রসঙ্গে আবদুল্লাহেল বাকি বলেন, ‘কেউ আপনাকে মিথ্যা তথ্য দিয়েছে। আমরা তো পাঁচজনকে গ্রেপ্তার করেছি।’ তিনি বলেন, ‘তাঁদের ছেড়ে দেব কেন? অস্ত্র আটক করেই তো আমি পুলিশের পিপিএম পদক পেয়েছি।’
একপর্যায়ে আবদুল্লাহেল বাকি বলেন, ‘অস্ত্রগুলো যেন কার কার ছিল? এ ধরনের অস্ত্র আনতে কি টাকা দিতে হয়?’ উলফার জন্য এসব অস্ত্র আনার বিষয়টি সবার জানা থাকার কথা স্মরণ করিয়ে দিলে জনাব বাকি বলেন, ‘তাই নাকি, উলফারা এ অস্ত্র এনেছে! জানলে আমরা তো তাদের মজা করে ধরতাম।’
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে আবদুল্লাহেল বাকি ও মো. মাহমুদুর রহমানকে পদোন্নতি, ভালো জায়গায় নিয়োগ ছাড়াও পুলিশের মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়।
একাধিক সূত্রে দাবি করা হয়, সার্জেন্ট আলাউদ্দীন ও হেলালের কারণে এই বিশাল অস্ত্রের চালানটি আটক হলেও তাঁরা পুরস্কৃত হননি। বরং এ দুজনকে সাজানো অস্ত্র মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। মামলা নিষ্পত্তির আগেই তাঁদের চাকরিচ্যুত করা হয়। জানা গেছে, গ্রেপ্তার অবস্থায় শারীরিক নির্যাতনে সার্জেন্ট হেলালের বাঁ পা ভেঙে যায়। হেলাল দাবি করেন, অস্ত্র মামলায় তাঁকে গ্রেপ্তারের বিষয়টি যে সাজানো, তার সব প্রমাণ তাঁর কাছে এবং পুলিশ বিভাগেই আছে। হেলালকে এ মামলায় ২০০৫ সালের ১৮ আগস্ট রাতে গ্রেপ্তার এবং পরদিন সকালে তাঁর দেখানো জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। কিন্তু তাঁর সর্বশেষ কর্মস্থল ঢাকা মহানগরে অপরাধ শাখার অধীনে সদরঘাট পুলিশ বক্সের ১৮৩ নম্বর জিডিতে (১৯ আগস্ট) দেখা যায়, ওই দিন বিকেল পর্যন্ত তিনি বাংলামোটরে বিশেষ দায়িত্বে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আটক অস্ত্র নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাজানো বিষয়ের বাইরে কেউ যাতে ভবিষ্যতে মুখ না খোলে, এ জন্য ‘শিক্ষা’ দিতে বেছে নেওয়া হয় হেলাল ও আলাউদ্দীনকে।
মামলা যেভাবে চলেছে: সাবেক পিপি আবদুস সাত্তার বলেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ও কর্ণফুলী থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমানের বিভ্রান্তিমূলক তথ্যই মামলাটির ভিত দুর্বল করে দেয়। সিইউএফএল জেটিঘাটে চোরাকারবারিরা কি পাঁচটি ট্রাকে অস্ত্র বোঝাই করেছিল—এ প্রশ্ন করে পিপি বলেন, ওসি আহাদুর রহমানের তদন্তে পাঁচ ট্রাকের কথা উল্লেখ রয়েছে।
আবদুস সাত্তার আরও বলেন, ঘটনার মাস খানেক পর দ্বিতীয় তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি এ কে এম কবিরউদ্দিনের তদন্তে বেরিয়ে আসে যে, চোরাকারবারিরা অস্ত্রগুলো পাঁচটি ট্রাকে পূর্ণ বোঝাই ও অন্য দুটি ট্রাকে অর্ধপূর্ণ বোঝাই করে রেখেছিল। পরে তা জানাজানি হলে আরও তিনটি ট্রাক ভাড়া করে এসব অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রামে আনা হয়। অর্থাত্ প্রথম দুজন তদন্ত কর্মকর্তার দুই ধরনের তথ্য মামলার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে।