রংপুরের পীরগাছায় এক নারীর মামলায় আসামি হয়ে দুটি গ্রামের শতাধিক ব্যক্তি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১০ বছরে ওই নারী তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ধর্ষণ, অপহরণ, মারপিটসহ ৩০-৩৫টি মামলা করেছেন। এগুলোর প্রায় অর্ধেকই মিথ্যা। মিথ্যা মামলার আসামি হয়ে ইতিমধ্যে অনেকে তাদের ভিটেবাড়ি বিক্রি করে নিঃস্ব হয়েছেন। গ্রামবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের সুবিদ গ্রামের আবুল কাশেমের মেয়ে কোহিনুর বেগমের সঙ্গে একই গ্রামের নুরু মিয়ার ছেলে রফিকুল ইসলামের প্রায় ২০ বছর আগে প্রথম বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর স্বামীর সংসার ছেড়ে তিনি বাবার বাড়িতে চলে যান। এরপর তাঁর আরও কয়েকটি বিয়ে হয়। কোহিনুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রামবাসীকে জেল খাটানোর ভয় দেখান। গত ১০ বছরে কোহিনুর রংপুরের বিচারিক হাকিমের আদালতসহ পীরগাছা থানায় সুবিদ ও মকরমপুর গ্রামের শতাধিক ব্যক্তির নামে প্রায় ৩০-৩৫টি মামলা করেন। পরবর্তী সময়ে এসব মামলার অনেকগুলো আপস-মীমাংসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে কোহিনুর রাজশাহীর বোয়ালিয়া মডেল ধানাধীন হাজরাপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি কোহিনুর বোয়ালিয়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় রংপুরের পীরগাছা উপজেলার সুবিদ ও মকরমপুর গ্রামের আটজনকে আসামি করা হয়। মামলাটি তদন্তের জন্য পীরগাছা থানায় পাঠানো হলে থানার পুলিশ ওই দুই গ্রামে গিয়ে জানতে পারেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। মামলার আসামি জয়নাল আবেদীন, আক্কাস আলী, নাজির হোসেন বলেন, ‘আমরা ঘটনার কিছুই জানি না। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।’ সুবিদ গ্রামের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, ময়েজ উদ্দিন সরদার, মকরমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, বর্তমান ইউপি সদস্য মোস্তফা কামালসহ আরও অনেকে জানান, কোহিনুর এ এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। কারণে-অকারণে এলাকার নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায়ই তাঁর একমাত্র পেশা। এভাবে তাঁর হয়রানির কারণে এলাকার অনেকে জমি ও ভিটেবাড়ি বিক্রি করে পথে বসেছেন। তাঁর মিথ্যা মামলায় পুলিশের ভয়ে দুই গ্রামের শতাধিক লোক পালিয়ে বেড়াচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে কোহিনুর বেগম দাবি করেন, ‘আমার সঙ্গে এলাকার লোকজন ঝগড়া-বিবাদ করে বলেই আমি তাদের বিরুদ্ধে মামলা করি।’কৈকুড়ী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মণ্ডল জানান, ‘কোহিনুর মামলাবাজ হিসেবে পরিচিত। তিনি গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে হয়রানি করছেন।’ পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বলেন, ‘কোহিনুর একজন মামলাবাজ। গত কয়েক বছরে তিনি গ্রামবাসীর বিরুদ্ধে ৩০-৩৫টি মামলা করেছেন। এর মধ্যে ১৫-১৬টি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি মামলাগুলো তদন্তাধীন।’ তিনি আরও বলেন, কোহিনুর আটজন ব্যক্তির বিরুদ্ধে সমপ্রতি ধর্ষণের অভিযোগে যে মামলা করেছেন, সে ঘটনার তদন্তে গেলে গ্রামবাসী তা মিথ্যা ও সাজানো বলে জানিয়েছেন।