মামলামুক্ত বিএনপির এক প্রার্থী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডটি বিএনপির মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বাসভবন এলাকার। মামলার কারণে তিনি জনসমক্ষে আসতে না পারলেও ওই ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা বা থানায় সাধারণ ডায়েরি পর্যন্ত নেই। আবার অন্য ওয়ার্ডগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ থাকলেও এখানে সে ধরনের কোনো অভিযোগ নেই।
শাহজাহানপুর, শাহজাহানপুর রেলওয়ে কলোনি, দক্ষিণ খিলগাঁও, খিলগাঁও বাগিচা, শহীদবাগ, মোমেনবাগ, আউটার সার্কুলার রোড নিয়ে এই ওয়ার্ড। ভোটার ২৯ হাজার ৭৬১ জন।
এখানে বিএনপি থেকে সমর্থন পেয়েছেন দেলোয়ার হোসেন। তিনি বললেন, ‘আমার নামে থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি নেই। আমি নির্বাচনী আচরণ ভঙ্গ করার মতো কোনো কাজও করিনি।’ তবে মামলা না থাকা সত্ত্বেও পুলিশ তাঁর প্রচারণায় নানাভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ।
জামায়াত-সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন চঞ্চলের বিরুদ্ধে দেলোয়ার অভিযোগ করে বলেন, ‘চঞ্চল নিজেকে ২০ দলের প্রার্থী বলে প্রচার করছেন। তাঁর ছবির পাশে মির্জা আব্বাসের ছবি দিয়ে পোস্টার বানিয়েছেন এবং অপপ্রচার করছেন যে আমি বসে গেছি, তিনিই প্রার্থী। এ জন্য আজ (গতকাল) বিকেলে আমি ভাবির সঙ্গে (আফরোজা আব্বাস) এলাকায় গণসংযোগ করছি।’
এ বিষয়ে মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এলাকায় তাঁর অনেক পোস্টার দেখা গেছে।
এই ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সমর্থন পেয়েছেন হামিদুল হক শামীম। তবে দল থেকে প্রথমে নাম আসে কামরুজ্জামান বাবলুর। কিন্তু নির্বাচন কমিশনের বৈধ তালিকায় তাঁর নাম পাওয়া যায়নি। হামিদুল হক বলেন, তিনি সরকারি দলের প্রার্থী হলেও কারও পোস্টার ছেঁড়া বা প্রচারণায় বাধা দেওয়ার কাজে নেই।
নাগরিক সুবিধা নেই, মানুষের কথা: অন্য ওয়ার্ডগুলোর মতো ১১ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটও চলাচলের অনুপযোগী। উত্তর শাহজাহানপুর শিল্পী হোটেলের গলিতে গাজীর বস্তির সামনে রাস্তাটি খুবই খারাপ। শনিবারের বৃষ্টির পানি গতকালও জমে ছিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের কোনো রাস্তার বাতি জ্বলে না। তিনটি গভীর নলকূপ থাকলেও পর্যাপ্ত পানি পাওয়া যায় না। তাঁর ওপর সায়েদাবাদ শোধনাগারের পানি মিশে পুরো পানি গন্ধযুক্ত। মশার উপদ্রব তো আছেই। এখানে নেই কোনো কমিউনিটি সেন্টার বা খেলার মাঠ।
শাহজাহানপুর কলোনির বাসিন্দা আবদুল গফুর বলেন, নাগরিক সুবিধা বলতে যা বোঝায়, এলাকাবাসী তার ন্যূনতম পায় না। আরেক বাসিন্দা আকলিমা বেগম প্রার্থীদের বাসায় বাসায় গিয়ে ভোট চাওয়ার ঘটনায় কিছুটা বিস্মিত। বললেন, ‘প্রত্যেকের ব্যবহার দেখে মনে হয়েছে, নির্বাচনের পরও যদি এমন থাকত!’
ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি-সমর্থিত দেলোয়ার হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি এলাকায় একটি কমিউনিটি সেন্টার করবেন। আর মশা নিধন, রাস্তাঘাট মেরামতসহ ওয়ার্ডের একমাত্র ঝিলটিকে পরিবেশবান্ধব ঝিলে রূপান্তরের অঙ্গীকার করলেন আওয়ামী লীগের হামিদুল হক।
এ ছাড়া এই ওয়ার্ডে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতা এ বি এম হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সেলিম আহমেদ ও ফিরোজ আলম মিলন। তাঁরাও গতকাল গণসংযোগ করেছেন।