মামলায় ত্রুটি থাকায় আদালতের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জব্দ তালিকা না থাকা, চোরাচালানসংক্রান্ত অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজন না করা, আলামত আইনি প্রক্রিয়ায় রাসায়নিক পরীক্ষার জন্য না পাঠানোসহ তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় করা মামলার বিভিন্ন অসংগতি তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এই মামলার তদন্তে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দিতে চট্টগ্রাম বন্দর, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকেও নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম এসব আদেশ দেন।
জব্দ হওয়া তেলের চালানের প্রতিটি ড্রাম থেকে পৃথকভাবে ২০০ মিলিলিটার করে নমুনা সংগ্রহ করে তা রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোরও আদেশ দেন আদালত।
আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, জব্দ তালিকায় উদ্ধার হওয়া আলামত না দেখানো, চোরাচালান আইনের ধারা সংযোজন না করা, আদালতের অনুমতি না নিয়ে আলামত পরীক্ষা করাসহ মামলা এবং তদন্তে এখন পর্যন্ত নানা অসংগতি থাকায় আসামিরা সুবিধা পেতে পারেন। মামলায় এসব বিষয়ের উল্লেখ না থাকায় গতকাল রোববার আদালত অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে দেন।
পুলিশের তথ্যের ভিত্তিতে গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এই ঘটনায় করা মাদক আইনের মামলায় গত বৃহস্পতিবার তিন আসামির ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিরা হলেন মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইন লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদ ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। গত ৩০ জুন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর আগে এ ঘটনায় গ্রেপ্তার করা হয় চালানটির আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফাকে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মামলার আলামত কয়েক দিনের মধ্যে জব্দ তালিকায় দেখানো হবে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তে কোনো ত্রুটি থাকলে আদালতের নির্দেশনা অনুযায়ী তা সংশোধন করা হবে।’
আদালত সূত্র জানায় বিচারক আদেশে উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের যেখানে মামলার আলামত রাখা হয়েছে, সেখানে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে বন্দর নিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আলামতগুলো কী অবস্থায় আছে ও কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বন্দর নিরাপত্তা বিভাগকে সাত কার্যদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আদালতের আদেশটি তাঁরা এখনো পাননি। এটি পাওয়ার পর মামলা ও তদন্তে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।