শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসকারীদের দোররার আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কিশোরী হেনা আক্তারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। হেনা হত্যা ও ধর্ষণ মামলার এজারভুক্ত অধিকাংশ আসামি পলাতক এবং জামিনে থাকায় আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের।
হেনার মা আকলিমা বেগম বলেন, ‘হত্যাকারীদের বিচারের আশায় তিন বছর ধরে আদালতে ঘুরে বেড়াচ্ছি। আসামিদের ভয়ে আমাদের প্রতিটি দিন আতঙ্কে কাটছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, হেনা হত্যা এবং ধর্ষণের মামলা দুটিতে ১৮ জনকে আসামি করা হয়। এজাহারে নাম না থাকার পরও পুলিশ আরও আটজনকে অন্তর্ভুক্ত করে ২০১২ সালের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। নতুন অন্তর্ভুক্ত হওয়া আসামিরা হেনার পরিবারের ঘনিষ্ঠ স্বজন হওয়ায় পরিবারটি সামাজিকভাবে চাপে পড়েছে। বর্তমানে মামলার প্রধান আসামি মাহাবুব ও তাঁর স্ত্রী শিল্পী বেগম কারাগারে রয়েছেন। বাকি ১০ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আছেন। সিআইডির অভিযোগপত্রের নতুন আট আসামিসহ ১৪ জন পলাতক রয়েছেন। তিন বছরেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।
হেনার বাবা দরবেশ খান অভিযোগ করে বলেন, ‘হত্যার মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। অনেক আসামি জামিনে রয়েছেন। তাঁরা কৌশলে আমাদের ওপর চাপ সৃষ্টি করছেন।’
শরীয়তপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মীর্জা হজরত আলী বলেন, চাঞ্চল্যকর মামলা পর্যালোচনা কমিটি মামলা দুটিকে ঢাকার দ্রুত বিচার আদালতে পাঠানোর জন্য আইন মন্ত্রণালয়ে সুপারিশ করেছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির বলেন, ‘আসামিরা জামিনে এসে কোনো প্রকার ভয়ভীতি দেখিয়েছে— এ রকম অভিযোগ আমরা পাইনি।’
নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা আক্তার ২০১১ সালের ২৩ জানুয়ারি ধর্ষণের শিকার হয়। ২৪ জানুয়ারি চামটা ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস শেখের নেতৃত্বে সালিসকারীরা মেয়েটিকে দোররা মারার সিদ্ধান্ত দেন। দোররার আঘাতে চিকিৎসাধীন থাকার পর ৩১ জানুয়ারি হেনা মারা যায়।