মামলার অগ্রগতি নেই, তিন পরিবারের তাঁবুতে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে চার শিশু খুনের এক বছর পার হয়ে গেছে। দ্রুত বিচার আইনে করা মামলার কার্যক্রম এ সময়ের মধ্যেও শেষ হয়নি। ঘটনার পর দারিদ্র্যপীড়িত এসব শিশুর পরিবারকে সরকারি খরচে ঘর নির্মাণ করে দেওয়ার কথা ছিল। এ পর্যন্ত শুধু একটি পরিবার ঘর পেয়েছে। বাকি তিন পরিবারের সদস্যরা তাঁবুতে বসবাস করছেন।
নিহত চার শিশু হলো সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির চাচাতো ভাই। ইসমাইল তাদের প্রতিবেশী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই চার শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য গত বছরের ফেব্রুয়ারিতে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে চারটি ঘর এবং নিহত শিশুদের স্মরণে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও একটি পাঠাগার নির্মাণের নির্দেশনা আসে। সেই অনুযায়ী ১৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে সুন্দ্রাটিকি শহীদ স্মৃতি পাঠাগার নির্মাণ করা হয়।
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম তাঁদের কাছে এসে প্রধানমন্ত্রীর অনুদানে চারটি ঘর তৈরি করে দেওয়ার কথা জানান। এ জন্য তাঁদের পুরোনো বসতঘর ভেঙে জায়গা খালি করার নির্দেশ দেন তিনি। দুই মাস আগে ইসমাইলের বাড়িতে সরকারি খরচে একটি টিনের ঘর নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ১৫ ফুট ও প্রস্থ ১০ ফুট। কিন্তু অপর তিন শিশু তাজেল, মনির ও জাকারিয়ার পরিবারকে কোনো ঘর নির্মাণ করে দেওয়া হয়নি। এ অবস্থায় তিন পরিবার গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে।
তাজেলের মা আমেনা বেগম বলেন, ‘ছয়টা মাস ধরে খালি ভিটায় তাঁবু টানিয়ে আছি। কবে আমাদের ঘর হবে, এই অপেক্ষায় আছি। সামনে বৃষ্টিবাদল। তখন কোথায় যাব?’
জাকারিয়ার বাবা আবদুল ওয়াহেদ বলেন, ‘বর্তমানে আমরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বসবাস করছি। আসামিদের মধ্যে তিনজন এখনো পলাতক। আর যাঁরা গ্রেপ্তার আছেন, তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।’
শিশু মনিরের বাবা ও মামলার বাদী আবদাল মিয়া বলেন, ‘আমরা বাড়ি-ঘর চাই না। এই বর্বর হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ইউএনও সাইফুল ইসলাম বলেন, টিনের ঘর তৈরি করে দেওয়ার জন্য বরাদ্দ আসে ৭৫ হাজার টাকা করে। সাংসদ চারটি পরিবারকে পাকা ঘর তৈরি করে দেওয়ার জন্য আরও ৫০ হাজার টাকা করে বরাদ্দের আবেদন করেছেন। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এ কারণে ঘর নির্মাণে বিলম্ব হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ ফেব্রুয়ারি সকালে কামাইছড়ায় চার শিশুর বালুচাপা লাশ উদ্ধার করা হয়। শিশুরা ওই বছরের ১২ ফেব্রুয়ারি পাশের পূর্ব ভাদেশ্বর গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি রাতে শিশু জাকারিয়ার বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় জিডি করেন। লাশ উদ্ধারের পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত বছরের ৫ এপ্রিল নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তাতে গ্রাম পঞ্চায়েতের এক পক্ষের নেতা আবদুল আলী ও তাঁর তিন ছেলে জুয়েল মিয়া, রুবেল মিয়া ও বিল্লাল মিয়া এবং প্রতিবেশী হাবিবুর রহমান, ছায়েদ আলী, উস্তার মিয়া, বাবুল মিয়া ও বাচ্চু মিয়া। তাঁদের মধ্যে বাচ্চু মিয়া র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। উস্তার মিয়া, বাবুল ও বিল্লাল পলাতক। পাঁচজন কারাগারে আছেন।
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি আবুল হাশেম মোল্লা বলেন, এ মামলায় তিনজন আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকসহ নানা প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে অভিযোগপত্র গঠনে বিলম্ব হয়েছে। এ ছাড়া সাক্ষী বেশি থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে।
সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, নিহত চার শিশুর পরিবারের প্রত্যেকের জন্য ঘর নির্মাণ বাবদ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ টাকা দিয়ে ঘরের নিচের অংশ পাকা করার কথা। আর ঘরের ওপরের অংশের টিন বরাদ্দ দেওয়ার কথা ইউএনওর। ইউএনও কেন এখনো সেই টিন বরাদ্দ দেননি, তা তাঁর কাছে পরিষ্কার নয়। তিনি আরও টাকার জন্য আবেদন করলেও তা এখনো আসেনি।