মামলার অগ্রগতি শুধু তদন্ত কর্মকর্তা বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত নয়টি হত্যা মামলা
আলোচিত নয়টি হত্যা মামলা

সুরক্ষিত জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল থেকে গত বছরের ২২ এপ্রিল অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এর প্রায় সোয়া এক বছর পর হত্যারহস্য উদ্ঘাটন তো দূরের কথা, ওই নারীর পরিচয় বা জড়িত কাউকে শনাক্তও করতে পারেনি পুলিশ।মামলার অগ্রগতি বলতে কেবল দুবার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। রাজধানীতে সংঘটিত আরও আটটি আলোচিত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হলেও তদন্তে তেমন অগ্রগতি নেই। এর মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত ঘুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) গেছে। তবে দেড় বছরেও এ হত্যারহস্যের জট খোলেনি। সন্দেহভাজন কয়েকজন গ্রেপ্তার ও খুনি শনাক্তে কয়েকজনের ডিএনএ পরীক্ষা করিয়েও অগ্রগতি নেই।মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া, তোপখানা রোডে নিশাত বানু, দক্ষিণখানে সাবেক সেনা কর্মকর্তা ও তাঁর স্ত্রী, হাজারীবাগে আইনজীবী দম্পতির মেয়ে, আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলের গাড়িচালক হানিফ সিকদার ও ক্রিকেটার কুন্তল চন্দ হত্যা মামলার তদন্ত করছে ডিবি। গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বুলবুল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন।তদন্তে অগ্রগতি না হওয়া প্রসঙ্গে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এর কয়েকটি মামলায় নিহতের পরিবার কাউকে সন্দেহ করেনি। কয়েকটিতে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হলেও সূত্র মেলেনি। পাশাপাশি আছে অন্যান্য মামলার চাপ।অভিযোগ রয়েছে, তদন্ত শেষ করার সময় নির্দিষ্ট করা না থাকায় অনেক মামলার তদন্ত এভাবে অগ্রগতিহীন থাকে বছরের পর বছর।

পরিচয়ই শনাক্ত হলো না: এমপি হোস্টেল থেকে উদ্ধার হওয়া নারীর লাশ প্রায় ১৫ দিন পড়ে ছিল ঢাকা মেডিকেল কলেজের মর্গে। পরে বেওয়ারিশ হিসেবে তাঁর লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। তাঁর পরিচয় বা হত্যাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনাও রাখা হয়নি।পুলিশ জানায়, এ মামলায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিএনএ পরীক্ষা কেন করা হয়নি, জানতে চাইলে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন বলেন, ‘কাউকে সন্দেহ হলে তো ডিএনএ পরীক্ষা করাব!’পরবর্তী তদন্ত কর্মকর্তা ডিবির সাবেক পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ওই নারী ভাসমান যৌনকর্মী। আর কিছু জানা যায়নি।

নিশাত বানু হত্যা: গত বছরের ৬ জুন তোপখানা রোডের বাড়িতে বৃদ্ধ মা খালেদা বানুকে বেঁধে রেখে পাশের ঘরে হত্যা করা হয় মেয়ে নিশাত বানুকে। এখনো হত্যারহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষুব্ধ খালেদা বানু। তিনি অভিযোগ করেছিলেন, সেলিম ও মো. সাইফুল নামের দুই ভাই সম্পত্তি আত্মসাতের জন্য নিশাতকে হত্যা করেছেন। পরে তিনি নিশাতের খালু জি এম ফারুকের বিরুদ্ধেও অভিযোগ করেন। থানার পুলিশের বিরুদ্ধে তদন্তে গড়িমসির অভিযোগ উঠলে তদন্তভার যায় ডিবিতে। ডিবি ছয়জনকে গ্রেপ্তার করলেও হত্যায় জড়িতদের শনাক্ত করতে পারেনি। গ্রেপ্তারকৃতরা পরে জামিন পান।তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিশাতের মামা আবুল মনসুর।
তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফজলুর রহমান বলেন, জামিন পাওয়া ব্যক্তিরা এখনো সন্দেহের তালিকায় আছেন।

দম্পতি হত্যাকারীরাও শনাক্ত হয়নি: গত বছরের ৩১ জুলাই দক্ষিণখানের সৈয়দনগরে নিজ বাড়িতে সাবেক সেনা কর্মকর্তা নাছির উদ্দিন (৬৩) ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার (৫৮) হত্যাকাণ্ডে জড়িতদেরও শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ ও র‌্যাবের পর মামলাটি বর্তমানে তদন্ত করছে ডিবি।

আইনজীবী দম্পতির মেয়ে হত্যা: গত বছরের ২৪ সেপ্টেম্বর হাজারীবাগে আইনজীবী দম্পতির মেয়ে তাসনিম রহমান (১৩) হত্যা মামলাটি পুলিশের পর এখন তদন্ত করছে ডিবি। ছয়জনকে গ্রেপ্তার করা হলেও হত্যারহস্যের জট খোলেনি। তদন্ত কর্মকর্তা ডিবির এসআই নূরুজ্জামান বলেন, ‘তদন্ত চলছে।’

ক্রিকেটার কুন্তল হত্যা: গত ৩ ডিসেম্বর তুরাগ থানার ধউর এলাকার বেড়িবাঁধ থেকে বাংলাদেশ বিমানের ক্রিকেটার কুন্তল চন্দের লাশ উদ্ধার করা হয়। তুরাগ থানার দুই এসআইয়ের হাত ঘুরে এ মামলার তদন্তভারও এখন ডিবিতে। তদন্তে অগ্রগতি না হওয়ায় কুন্তলের পরিবার হতাশ হয়ে পড়েছে।

তদন্ত কর্মকর্তা ডিবির এসআই জোয়াহের হোসেন বলেন, ‘ঘটনাটি ছিনতাইকারীর কাজ বলে ধারণা করছি। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

পুলিশ সদস্য বাদল হত্যা: ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরের কোম্পানি-২-এর কনস্টেবল বাদল মিয়া ২১ ফেব্রুয়ারি রাতে শাহবাগে গণজাগরণ মঞ্চে দায়িত্বরত ছিলেন। ২২ ফেব্রুয়ারি তাঁর লাশ উদ্ধার করা হয় মতিঝিল থেকে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। পুলিশের ধারণা ছিল, এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ছিনতাইকারীরা। তবে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও সূত্র মেলেনি।

তদন্তে ধীরগতি ও অবহেলার অভিযোগ উঠলে ২০ এপ্রিল এ মামলার তদন্তও যায় ডিবিতে। তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবুল খায়ের বলেন, ‘হত্যাকারীদের ব্যাপারে এখনো নিশ্চিত নই।’

এদিকে একমাত্র সন্তানকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন বাদলের স্ত্রী রুমা ইয়াছমিন। তিনি বলেন, ‘একটা চাকরির কথা বলেছিলাম। কিন্তু কাজ হয়নি।’

হানিফ হত্যা: গত বছরের ১২ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে গাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় হানিফ সিকদারেরর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে উত্তরা (বর্তমানে উত্তরা পশ্চিম) থানায় হওয়া মামলাটি ২৯ জুলাই ডিবিতে হস্তান্তরিত হয়। তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আনিসুর রহমান বলেন, ‘আমরা হত্যারহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’

মিরাজ হত্যা: গত ৯ মার্চ রাতে কুড়িল বিশ্বরোডে রেললাইনের পাশ থেকে মিরাজের লাশ উদ্ধার করা হয়। এ হত্যার ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়। সন্দেহভাজন একজন গ্রেপ্তার হলেও হত্যাকারীদের সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আফসার উদ্দিন বলেন, মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভবিষ্যৎ  কী: সূত্র না পাওয়া গেলে এসব হত্যা মামলার ভবিষ্যৎ  কী—এই প্রশ্ন করলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কোনো অভিযোগের সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) আর সাক্ষ্য-প্রমাণ পাওয়া না গেলে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেয়। চূড়ান্ত প্রতিবেদন পাঁচ ধরনের। এর একটি হচ্ছে ‘ফাইনাল রিপোর্ট ট্রু’ (এফআরটি) অর্থাৎ  ঘটনা সত্য, কিন্তু সাক্ষ্য-প্রমাণ মিলেনি এমন ঘটনার প্রতিবেদন। এফআরটি দেওয়া হলেও তদন্ত অব্যাহত থাকে। এ ঘটনাগুলোর ক্ষেত্রেও সূত্র না পাওয়া পর্যন্ত তদন্ত চলবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘পুলিশ অর্পিত দায়িত্ব যথাযথভাবেই পালন করছে। এসব ঘটনার তদন্তের অগ্রগতি সময়সাপেক্ষ হলেও আমি আশাবাদী যে অচিরেই হত্যারহস্য উদ্ঘাটিত হবে।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, পুলিশের কাছ থেকে তদন্তভার উঠিয়ে আদালতের অধীন একটি তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে মামলার তদন্ত করা উচিত। এতে পুলিশ যেমন যথাযথভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে পারবে, অন্যদিকে মামলার তদন্ত দ্রুত শেষ হবে।