
কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম হত্যার ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র এক বছরেও আদালতে দাখিল করতে পারেনি পুলিশ। এতে তাঁর বাবা-মা ও পরিবারের অপর সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে। ২০১৫ সালের এই দিন সকাল নয়টায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত ২২ আসামির মধ্যে এ পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন এবং একজন মারা গেছেন। ১৮ আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এঁদের মধ্যে কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেলেও পুলিশ তাঁদের ধরছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, এ পর্যন্ত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য নেওয়া হয়েছে অন্তত ১২ জনের। এজাহারভুক্ত কিছু সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে। যত দ্রুত সম্ভব এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। যত দ্রুত বলতে কত দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দু-তিন মাসের মধ্যে।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, গত বছরের ১১ এপ্রিল বিকেল সোয়া পাঁচটায় কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করেন দলের একাংশের নেতা-কর্মীরা। এ ঘটনার পরদিন সকাল নয়টায় কুমিল্লা নগরের মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানা সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় গত বছরের ১২ এপ্রিল রাতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক আফজল খানের দুই ছেলেসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক ২২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টু বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১৫ দিন পর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মামলার তিন আসামি শামীম, জাহাঙ্গীর হোসেন ও গোলাম জিলানীকে গ্রেপ্তার করা হয়ে। তাঁরা বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এ ছাড়া কয়েক মাস আগে শ্রমিক লীগের নেতা রৌশন খান ওরফে মিঠু হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্য আসামিরা ঢাকা ও কুমিল্লায় অবস্থান করছেন।
মামলার বাদী কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম প্রথম আলোকেবলেন, ‘সাইফুল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মঞ্চে থাকেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। পুলিশ তাঁদের ধরে না। মামলাটি সিআইডিতে যাওয়ার পর বাদী হিসেবে আমার সঙ্গে একদিনও যোগাযোগ করা হয়নি। আসামিদের চাইলেই ব্যক্তিগতভাবে আমরা ধরিয়ে দিতে পারি। আমরা দ্রুত চার্জশিট চাই। আশা করি সুবিচার পাব।’
সাইফুলের বাবা নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আসামিরা সারা দিন রাস্তা দিয়ে ঘোরে, পুলিশ ধরে না। কেউ কিছু করে না। কী করব?’ আর মা মাহফুজা বেগম এখনো ছেলের জন্য কাঁদছেন। তিনি বলেন, ‘আমার ছেলে হাসিখুশি ছিল। রাজনীতি করলেও কারও ক্ষতি করেনি।’
নিহত সাইফুলের ছোট ভাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্যসচিব এম নাসিমুল ইসলাম হেলাল প্রথম আলোকে বলেন, এক বছরে এ মামলার কোনো কিনারা হয়নি। হতাশ আমরা।