মামলার অভিযোগ গঠন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করে হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠন করা হবে আজ মঙ্গলবার। গতকাল সোমবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে বিচারক আবদুর রশীদ অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন।
মামলার চার আসামির উপস্থিতিতে শুনানি এবং অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয় বলে জানান ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) আবদুল মালেক।
গত ১১ মার্চ নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার তিন দিন পর ১৪ মার্চ নগরের ঝরনারপাড় এলাকার একটি বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই এ ঘটনায় জড়িত সন্দেহে সিলেটের বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘সোর্স’ আতাউর রহমান ওরফে গেদাকে আটক করে পুলিশ। সাঈদের বাবা মতিন মিয়ার করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনজনই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এবাদুরকে পুলিশ কনস্টেবল পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদালত সূত্র জানায়, এ ঘটনায় জড়িত জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুম পলাতক ছিলেন। ২৩ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হলে ৮ নভেম্বর আদালত থেকে পলাতক মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১০ নভেম্বর মাসুম আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।