নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মালিক আব্দুল আল আমিনের আদালতে অভিযোগ গঠনের পর ২৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ গঠনের শুনানির সময় অভিযুক্ত দুই আসামি হুজি নেতা মুফতি আবদুল হান্নান ও নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত উল্লাহ উপস্থিত ছিলেন। অপর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাশেম বর্তমানে জামিনে, চাষাঢ়ার ওবায়দুল্লাহ হক পলাতক এবং ভারতে পুলিশের হাতে আটক রয়েছেন হুজি নেতা দুই ভাই আনিসুল মোরছালীন ও মাহবুব মুত্তাকিন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে।
২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ শতাধিক নেতা-কর্মী। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা খোকন সাহা হত্যা ও বিস্ফোরণ আইনে দুটি মামলা করেন।