শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর হত্যা মামলার অভিযোগ গঠন আগামী ৬ ফেব্রুয়ারি। সিলেট বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সুফিয়া বেগম গতকাল সোমবার এই তারিখ নির্ধারণ করেন।আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন দীপঙ্কর ও খায়রুল। এ ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হত্যা মামলা করেন। পরে গ্রেপ্তার হওয়া নৌকার মাঝি গুলজার আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকারী শনাক্ত হলে এলাকাবাসী নয়জনকে ধরে পুলিশে সোপর্দ করে।তিন আসামির জামিন: উচ্চ আদালতের নির্দেশে গতকাল বিভাগীয় স্পেশাল জজ আদালত তিন আসামির জামিনের আবেদন গ্রহণ করেন। আসামি লাল মিয়া, ছাইমউদ্দিন ও আবদুর রকিব ৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান।