মামলার অভিযোগ গঠনকালে আট আসামিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের সেই আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতে গত মঙ্গলবার মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) হাবিবুল বাশার তালুকদার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। অভিযোগ শোনার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আট আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন।পিপি হাবিবুল বাশার তালুকদার জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় পড়ে না বলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম আসামিদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন: মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম আবদুল হাই, মাদ্রাসার শিক্ষক কাউছার আহমেদ, আবুল খায়ের মো. মহিউদ্দিন, আবুল কাশেম, মাওলানা ইলিয়াছ বকাউল, গভর্নিং বডির সদস্য আবদুর রব খাঁ ও মাদ্রাসার ছাত্র মো. মাসুদ হোসেন।আট আসামি মামলা থেকে অব্যাহতি পাওয়ায় এখন মামলার একমাত্র আসামি রইলেন ধর্ষক আবদুল জলিল (৫৫)। জলিল বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন।মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ৩ আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের কাপাইকাপ আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক আবদুল জলিল একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে লজিং বাড়িতে ধর্ষণ করেন। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম আবদুল হাই ও গভর্নিং বডির সদস্য আবদুর রব খাঁ মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সহযোগিতায় মেয়ে ও মেয়ের বাবার অমতে বয়োবৃদ্ধ জলিলের সঙ্গে মেয়েটির বিয়ে পড়িয়ে দেন।মেয়ের বাবা এ বিয়ে না মেনে ১৯ জানুয়ারি চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করেন। মামলার পর হাজীগঞ্জ থানার পুলিশ ধর্ষক আবদুল জলিল ও মাদ্রাসার শিক্ষক কাউছার আহমেদ ও আবুল খায়েরকে গ্রেপ্তার করে। তখন মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাইসহ অন্য শিক্ষকেরা পালিয়ে যান।বর্তমানে মেয়েটি মহিলা আইনজীবী সমিতির ‘প্রশান্তি নীড়ে’ অবস্থান করছে। এদিকে জুন মাসে মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার এসআই মো. আনোয়ার হোসেন ধর্ষক আবদুল জলিলসহ নয়জনকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র দিয়েছেন।আট আসামির অব্যাহতি পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মেয়েটির বাবা আক্ষেপ করে বলেন, ‘আইন-আদালত সবকিছু ধনীদের জন্য। গরিবের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই।’ তিনি আরও বলেন, ‘সব কাগজপত্র সংগ্রহ করছি। এ নিয়ে উচ্চ আদালতে যাব।’