মামলার অভিযোগ গঠনের শুনানি ৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুস্তাফিজুর রহমান এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এ মামলায় নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান আদালতে হাজির না হওয়ায় তাঁর আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। সেলিম ওসমান এ মামলায় জামিনে আছেন।
আদালত সূত্রে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার ভিডিওতে প্রধান শিক্ষককে কান ধরে ওঠবসের নির্দেশ দিতে দেখা যায় জাতীয় পার্টির স্থানীয় সাংসদ সেলিম ওসমানকে। ওই ঘটনায় ১৮ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ তদন্তের নির্দেশ দেন। পরে ১০ আগস্ট হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম বিচার বিভাগীয় তদন্ত করে চলতি বছরের ১৯ জানুয়ারি প্রতিবেদন দেন। গত ২২ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করেন এবং পুলিশের করা সাধারণ ডায়েরির (নন এফআইআর মামলা) ভিত্তিতে আইন অনুসারে কার্যক্রম পরিচালনা করতে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতকে নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশে বলা হয়, বিচারিক তদন্তের সিদ্ধান্তে দেখা যায়, অপু নামের একজনের নেতৃত্বে ১০-১২ জন শ্যামল কান্তি ভক্তকে মারধর করে এবং স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে শিক্ষক কান ধরে ওঠবস করেন।