মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ২০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানি গতকাল সোমবার হয়নি। আদালত আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২০ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম এ তারিখ ধার্য করেন।
এই মামলার আসামিরা হলেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আইনজীবী ফখরুল ইসলাম, সাকা চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী ও সহকারী আইনজীবী মেহেদী হাসান। তাঁদের মধ্যে সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে জামিনে রয়েছেন, মেহেদী হাসান পলাতক। বাকি চারজন কারাগারে আটক আছেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে এই রায় ঘোষণার আগেই তাঁর স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায়ের খসড়া ফাঁসের অভিযোগ তোলেন এবং সংবাদকর্মীদের রায়ের খসড়া কপি দেখান। এ ঘটনায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরদিন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় এই মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৮ আগস্ট সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।