মামলার অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার ওরফে শোভন হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ছাবরিনা আলী অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পলাতক আসামির নাম রেদোয়ানুল আজাদ ওরফে রানা। আদালত ২০ মার্চ পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
গত ২৯ জানুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মুহাম্মদ জসীমউদ্দিন রাহমানী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গতকাল তা গ্রহণের দিন ধার্য ছিল। অভিযোগপত্রে আসামি রেদোয়ানুল আজাদকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রভুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন মো. ফয়সাল বিন নাঈম ওরফে দীপ, মাকসুদুল হাসান ওরফে অনীক, মো. এহসান রেজা ওরফে রুম্মান, নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফিস ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা।
অভিযোগপত্রে বলা হয়, জসীমউদ্দিনের বই পড়ে এবং সরাসরি তাঁর বয়ান ও খুতবায় অংশ নিয়ে ব্ল্লগারদের খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন সাত আসামি। এরই ধারাবাহিকতায় রাজীব খুন হন। রাহমানী খুনের উসকানিদাতা। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পলাতক আসামি রেদোয়ানুল আজাদ।