গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
ডিএমপির জন্য ডাচ্-বাংলা ব্যাংকের দেওয়া দুটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠান শেষে গতকাল বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে গুলশান হামলার তদন্ত নিয়ে তাঁর কার্যালয়ে কথা বলেন ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এত দিন আমাদের কাছে হোলি আর্টিজান বেকারিতে নিহতদের ময়নাতদন্ত প্রতিবেদন ছিল না। আমরা সম্প্রতি ফরেনসিক রিপোর্ট পেয়েছি। এখন মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে।’ তিনি বলেন, হোলি আর্টিজানে যে হত্যাকাণ্ড ঘটেছে, এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুতই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। নব্য জেএমবির নেতা সোহেল মাহফুজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুলশান হামলায় তাঁর সংশ্লিষ্টতা ও দায়বদ্ধতার বিষয়গুলো নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
কাউন্টার টেররিজম বিভাগের কর্মকর্তারা বলেন, সোহেল মাহফুজ গুলশান হামলায় ব্যবহৃত বোমা সরবরাহ করেছিলেন।
এনআইএ আসেনি
ডিএমপি কমিশনার আরও বলেন, সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ভারতের জঙ্গি ও সন্ত্রাস দমনের বিশেষায়িত ইউনিট) আসার খবর কিছু গণমাধ্যমে প্রকাশ হলেও বাংলাদেশে এনআইএর কোনো প্রতিনিধি আসেনি বা জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদও করেনি।