মামলার আট বছর পর অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাবেক এপিএস এ কে এম মির্জা হায়দার আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আট বছর পর তদন্ত শেষে গত ১০ মে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে কমিশন।

দুদক সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর দুদকের নেত্রকোনা জেলা কার্যালয় থেকে মদন থানায় মামলা করা হয়। অভিযোগে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন হায়দার আলী। মামলার তদন্তে তাঁর নামে ১৪ লাখ ৭৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে দুদক সূত্রটি জানায়।

অভিযোগপত্রে বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে হায়দার আলী ১৪ লাখ ৭৭ হাজার টাকার সম্পদের হিসাব দিয়েছিলেন। কিন্তু তদন্তে তাঁর নামে ১৯ লাখ ৫৬ হাজার টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে বৈধ সম্পদ চার লাখ ৭৭ হাজার টাকার। অনুসন্ধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী হায়দার আলী সম্পদ বিবরণীতে চার লাখ ৮০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছিলেন। এই হিসাব অনুযায়ী তাঁর নামে থাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১৪ লাখ ৭৮ হাজার টাকার।