পর্যাপ্ত কক্ষ ও আসবাব না থাকায় নাটোরের ফৌজদারি আদালতের মালখানা কর্তৃপক্ষ সাড়ে ছয় হাজার মামলার আলামত রাখা নিয়ে বিপাকে পড়েছে।নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, সুষ্ঠু বিচারের জন্য মামলার আলামত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অথচ প্রায়ই আদালতে সময়মতো আলামত হাজির করতে না পারায় সাক্ষীরা চলে যান। ফলে অনেক মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। বিচারপ্রার্থীরাও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আদালত সূত্রে জানা যায়, নাটোরের ১১টি ফৌজদারি আদালতে বর্তমানে সাড়ে ছয় হাজার মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার আলামত সংরক্ষণের মালখানা নেই। জেলা প্রশাসকের ভবনের ৪০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রস্থের তিনটি কক্ষ মালখানা হিসেবে ব্যবহার হচ্ছে। এসব কক্ষ মালখানার উপযোগী করে তৈরি করা হয়নি। এখানে আলামত স্তরে স্তরে সাজিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই। বর্তমানে আলামত হিসেবে এখানে ৪০ হাজার বোতল ফেনসিডিল, ৬২ কেজি গাঁজা, সাড়ে চার কেজি হেরোইন, বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, রাসায়নিক দ্রব্য ও মোটরসাইকেল স্তূপ করে রাখা হয়েছে। আদালত থেকে আলামত চাইলে হাজারো আলামতের স্তূপ থেকে কাঙ্ক্ষিত আলামত বের করতে কখনো কখনো কয়েক দিন সময় লেগে যায়।আদালতের সূত্রে আরও জানা যায়, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলামত ধ্বংস করা যায় না। মামলা নিষ্পত্তির তুলনায় নতুন মামলা বেশি হওয়ায় প্রতিদিন আলামতের সংখ্যা বাড়ছে। অনেক আগেই মালখানার ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। এ কারণে গত জানুয়ারি থেকে ছোট আকৃতির আলামত ছাড়া আর কোনো আলামত মালখানায় গ্রহণ করা হচ্ছে না। সংশ্লিষ্ট থানাতেই আলামত জমা রাখা হচ্ছে। এসব মামলার সাক্ষী আদালতে এলে দূরবর্তী থানা থেকে আলামত এনে এজলাসে হাজির করা কখনো কখনো সম্ভব হয় না। সরেজমিনে দেখা গেছে, মালখানায় বৈদ্যুতিক পাখা বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবস্থা নেই। আলমারি বা কাঠের র্যাক না থাকায় এলোমেলোভাবে কক্ষের ভেতরে আলামতগুলো রাখা আছে। মালখানার ভেতরে তীব্র গরম ও দুর্গন্ধ।জানা গেছে, গ্রীষঞ্চকালে কারও পক্ষে দীর্ঘ সময় সেখানে অবস্থান করা সম্ভব হয় না। আলামত খুঁজতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এসব কারণে পুলিশের কোনো কর্মকর্তাই মালখানার দায়িত্ব নিতে চান না। নাটোর আদালত পুলিশের পরিদর্শক মাহতাব হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ নিয়ন্ত্রণ আইনের (পিআরবি) ৫২৫ ধারায় প্রতিটি আদালতের জন্য মালখানা স্থাপন করার বিধান রয়েছে। সেই আলোকে নাটোরে মালখানা স্থাপন করা হলেও তার ব্যবস্থাপনার জন্য আর্থিক বরাদ্দ দেওয়া হয় না। ফলে মালখানার উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। তিনি আরও জানান, বিচার বিভাগ পৃথক হওয়ার আগে মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দায়বদ্ধ ছিলেন। পরবর্তী সময়ে বিচারিক হাকিমেরা মালখানা পরিচালনার ক্ষমতা পেলেও আগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতাও বহাল আছে। এতে মালখানার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমন্বয়ের অভাব হচ্ছে।