মামলার আসামি ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় করা মামলার আসামি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের গত ১২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন ফিলিং স্টেশনের মালিক মামলার বাদী আলী মনসুর ফারুক। তবে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ জানিয়েছে, আসামিরা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি। এই মামলার আসামিদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। আসামিদের দুজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিকট অতীতে ব্যবস্থাও নিয়েছিল। তার পরও তারা বেপরোয়া হয়ে ওঠে।জানা যায়, ১২ অক্টোবর সাতজনের নাম উল্লেখ করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়। মামলার আসামিরা হলেন: মো. ইলিয়াস, মনির হোসেন, আবু সাইদ, ফাহিম হোসেন, ফয়সাল আরেফিন, বিজয়, কবিরসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জন। আসামিরা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান ওরফে মাসুমের অনুসারী। এর মধ্যে আবু সাইদ বিশ্ববিদ্যালয় এলাকা সালমানপুরের বাসিন্দা ও মাহমুদুর রহমানের অনুসারী। শিক্ষার্থীরা জানিয়েছেন, আসামিদের বেশির ভাগের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইলিয়াসকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বোনকে উত্ত্যক্ত করা এবং বিশ্ববিদ্যালয় এলাকায় অস্ত্রবাজির ঘটনায় এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মনির হোসেন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহিম হোসেন ২০১১ সালের ২৭ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মইনউদ্দিন শফিকুর রহমান চিশতিকে ছুরিকাঘাত করেন। ওই ঘটনায় মনিরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। ফাহিমকে ভবিষ্যতে মারামারি করলে ছয় মাসের জন্য বহিষ্কার করা হবে মর্মে সতর্কবার্তা দেওয়া হয়। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল আরেফিন, একই বিভাগের শিক্ষার্থী বিজয় ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কবির হোসেন বিশ্ববিদ্যালয় এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িত বলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অভিযোগ রয়েছে। ছাত্রলীগের ওই চক্রের সদস্যদের অপকর্মের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা ৪৯ দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। এ অবস্থায় আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সাধারণ শিক্ষার্থী, সিএনজি ফিলিং স্টেশন ও কুমিল্লা জেলা পেট্রল পাম্প মালিক সমিতি উদ্বিগ্ন হয়ে পড়েছে।কুমিল্লা জেলা সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক বলেন, ‘মোটরসাইকেলে তেল ভরে টাকা না দিয়ে ছাত্রলীগ নামধারী ওই ছেলেরা চলে যেতে চেয়েছিল। টাকা চাওয়ায় আমার ব্যবসাপ্রতিষ্ঠানে তারা হামলা চালায়। ১১ অক্টোবর রাত নয়টা ৩০ মিনিটে ওই হামলার ঘটনা ঘটে। পরদিন ১২ অক্টোবর থানায় মামলা করি। মামলার আসামিদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, মামলার এক আসামি সালমানপুর গ্রামের বাসিন্দা আবু সাইদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা গাঢাকা দেওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আপত্তিকর মন্তব্য করায় ভাঙচুর হয়েছে। এদের মধ্যে যারা খারাপ কাজ করেছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময়ে বিভিন্ন শাস্তি দিয়েছে। আসামিরা সবাই আমার অনুসারী।’