আসামি শিক্ষার্থীরা, অস্ত্রধারীদের কেউ গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্তৃপক্ষের নির্দেশে শীতের সকালে হল ছাড়তে গিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম।
কর্তৃপক্ষের নির্দেশে শীতের সকালে হল ছাড়তে গিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনার পর আজ সোমবার দুপুরে প্রশাসন ও পুলিশ পৃথকভাবে চারটি মামলা করেছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁরা আন্দোলনকারী না অন্য কোনো সংগঠনের নেতা-কর্মী তা জানে না পুলিশ।

গতকাল হামলার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পিস্তল উঁচিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, শামসুজ্জামান ইমন, পরিবেশবিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামকে এ সময় গুলি করতে দেখা যায়। বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র হাতে তাঁদের ছবিও প্রকাশিত ও প্রচারিত হয়। তাঁদের কেউ গ্রেপ্তার হননি। এমনকি এঁদের মধ্যে কেউ মামলার আসামি কি না তাও জানায়নি পুলিশ।

বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আজ সকাল সাড়ে আটটার মধ্যে হল ছাড়েন সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুর ১২টার পর হল ছাড়েন।

প্রশাসন ও পুলিশের চার মামলা: গতকাল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন নগরের মতিহার থানায় চারটি মামলা করেছেন। চার মামলায় ১৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫৯০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে নগরের মতিহার থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেআইনি সমাবেশ, মারামারি, সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বিস্ফোরক আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরেক মামলায়ও ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাদ আহমেদ। এসআই মনিরুল ইসলাম আরও জানান, একই অভিযোগে মতিহার থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে পৃথক আরও দুটি মামলা করেছেন। পুলিশের মামলা দুটিতে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

আসামির পরিচয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী: মামলার আসামি কারা জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নুর প্রথম আলোকে জানান, ‘মামলায় সবাইকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ফলে তাঁরা আন্দোলনকারী না অন্য কোনো সংগঠনের নেতা-কর্মী, তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে আমরা বের করার চেষ্টা করছি।’ তিনি ‘তদন্তের স্বার্থে’ আসামিদের নাম জানতে চাননি।

সাড়ে আটটায় হল ছাড়লেন শিক্ষার্থীরা: বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আজ সকাল সাড়ে আটটার মধ্যে হল ছাড়েন সাধারণ শিক্ষার্থীরা। ছেলেদের ১১টি ও মেয়েদের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা বের হয়ে নিজ নিজ গন্তব্যে যান।
বিশ্ববিদ্যালয় বিভিন্ন আবাসিক হল ও ফটকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শীতের মধ্যেই ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন। তবে অনেকেই যানবাহন পাওয়া নিয়ে দুর্ভোগে পড়েন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান বলেন, ‘হঠাত্ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় আমরা মারাত্মক দুর্ভোগে পড়েছি। আমার রাজশাহীতে থাকার কোনো জায়গা নেই। আবার বাড়িতে (নওগাঁ) যাওয়ার কোনো যানবাহনও পাচ্ছি না।’

দুপুর ১২টা পর্যন্ত হলে ছিল ছাত্রলীগ: দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানসহ ১০-১৫ জন নেতা-কর্মী। যোগাযোগ করা হলে মিজানুর রহমান বলেন, ‘আমরা সবাই আটটার মধ্যে হল থেকে বের হয়ে ক্যাম্পাসে অবস্থান করছি।’ তবে হলে অবস্থানকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশ ছাত্রলীগের সভাপতির হলে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের হলে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন বলেন, ‘সবাই ছাত্র। সবাইকেই বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি খোঁজ নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’ পরে দুপুর ১২টার দিকে ছাত্রলীগ হল ছাড়ে।

একজন আটক: গতকাল বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে (শিক্ষকদের আবাসিক ভবন) ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া শিক্ষার্থীর নাম সজীব সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পাঁচ সদস্যের তদন্ত কমিটি: ঘটনা তদন্তে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক খালিকুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের নজরুল ইসলাম, ফলিত গণিত বিভাগের শামসুুল আলম সরকার, সিন্ডিকেট সদস্য ইব্রাহিম হোসেন ও কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক। গতকাল সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জুবেরীতে ভাঙচুরের প্রতিবাদ শিক্ষক সমিতির : শিক্ষকদের আবাসিক ভবন জুবেরীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. আজাহার আলী শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করেন। তিনি বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার দাবি জানান। বর্ধিত ফি প্রত্যাহারের পরও একটি নির্দিষ্ট গোষ্ঠী ভুল তথ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারীদের হামলার নিন্দা জানিয়ে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিও জানান তিনি।

সাংবাদিকদের মানববন্ধন: গতকাল ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে দুপুর সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। সাংবাদিকেরা তিন সহকারী প্রক্টর সাখাওয়াত হোসেন, হেলাল উদ্দিন ও সিরাজুল ইসলামকে অপসারণ এবং রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিমকে ক্যাম্পাস থেকে প্রত্যাহারের দাবি জানান। এতে বক্তব্য দেন সাংবাদিক মেহেরুল সুজন, গোলাম রাব্বানি, শাকির আহমদ, ডালিম হোসেন, সৈকত মুনির প্রমুখ। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস), শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা নিন্দা জানিয়ে বিবৃতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকালের হামলা: গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এতে শিক্ষার্থী-সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা সাতটায় সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আজ সকাল আটটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াস হোসেন জানান, গতকালের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে।

আরও জানতে পড়ুন