মামলার আসামিকে অপহরণের অভিযোগে প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণ চেষ্টা মামলার আসামি মোহামঞ্চদ ইমরানসহ দুজনকে গত মঙ্গলবার রাতে অপহরণ করা হয়েছে বলে তাঁর পরিবারের লোকজন দাবি করেছেন। অপহূতরা বাঙালি ছাত্র পরিষদের সদস্য দাবি করে গতকাল বুধবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ছাত্রীর শ্লীলতাহানির সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় ওই প্রতিবাদ সভা থেকে। পুলিশ জানায়, ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণ চেষ্টা মামলার পর থেকেই ইমরান পলাতক রয়েছেন। তাঁদের কাছে অপহরণের কোনো অভিযোগ নেই। গতকাল বুধবার বিভিন্ন স্থানে তদন্ত করে অপহরণের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।ইমরানের বড় ভাই আবু তাহের জানান, কলেজছাত্রীর অপহরণ চেষ্টার মিথ্যা মামলার কারণে ইমরান কয়েক দিন ধরে পালিয়ে রয়েছেন। গত মঙ্গলবার বিকেলে ইমরান ও তাঁর বন্ধু আবদুল হামিদ চড়ুই পাড়ার তাঁর বাসায় যান। সেখান থেকে উজি হেডম্যান পাড়ার খামারবাড়ির দিকে যান। সেখান থেকে রাতে তাঁদের অপহরণ করা হয়। অপহরণকারীরা মুঠোফোনে দুই লাখ টাকা দাবি করেছে বলেও তিনি জানান।নাম প্রকাশে অনিচ্ছুক উজি হেডম্যান পাড়া ও পার্শ্ববর্তী পাড়ার কয়েকজন জানান, ইমরানকে তাঁরা সবাই চেনেন। কিন্তু গত মঙ্গলবার তাঁকে ওই এলাকায় দেখেননি।এদিকে বাঙালি ছাত্র পরিষদ বান্দরবান বাজার মসজিদ প্রাঙ্গণে অপহরণের প্রতিবাদে সমাবেশ করেছে। এতে ইমরান ও আবদুল হামিদ তাঁদের সদস্য দাবি করা হয়। ওই প্রতিবাদ সভায় ১ ফেব্রুয়ারি ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণ চেষ্টা ঘটনার সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেছেন, ইমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। যেখান থেকে তাঁকে অপহরণের কথা বলা হচ্ছে, সেখানে তদন্ত করেও কোনো তথ্য পাওয়া যায়নি।