মামলার আসামিকে নিয়ে সংবর্ধনার মঞ্চে উঠলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদ গতকাল বুধবার মামলার এক আসামিকে নিয়ে সংবর্ধনা মঞ্চে ওঠেন। এর পরও ওই আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ।
পুঠিয়া সদরের পিএন উচ্চবিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ওই আসামির নাম শাহরিয়ার রহিম। তাঁর বিরুদ্ধে পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনের আগে গত ১৫ মার্চ আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আহসানুল হকের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি চালানোর অভিযোগে মামলা রয়েছে। আহসানুলের বড় ভাই মনিরুল হক ওই মামলাটি করেন। এ মামলায় শাহরিয়ার রহিম এখনো জামিন নেননি। কিন্তু সংবর্ধনা মঞ্চে তাঁকে দেখেও পুলিশ গ্রেপ্তার করেনি।
এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মণ প্রথম আলোকে জানান, মনিরুলের মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে শাহরিয়ার রহিমকে। তবে তাঁরা তদন্ত করে দেখছেন, তিনি ওই দিনের হামলার সঙ্গে জড়িত ছিলেন কি না।