মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শরীফপুর এলাকায় হত্যা মামলার বাদীর বাড়িতে ৮ জুলাই হামলা চালিয়ে একই পরিবারের নারীসহ ছয়জনকে গুরুতর আহত করার ঘটনায় মামলা হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি। এতে বাদীপক্ষের লোকজন আতঙ্কে আছেন। এ ছাড়া হত্যা মামলার সাক্ষীদের পুলিশ দিয়ে হয়রানিরও অভিযোগ পাওয়া গেছে।

মামলার বাদী ভুক্তভোগী ঝর্ণা আক্তারের ছোট বোন ফারজানা টুম্পা বলেন, ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর ছোট ভাই মহিউদ্দিন মামুনকে একই এলাকার সাঈদ হোসেনসহ ১০-১৫ জন কুপিয়ে হত্যা করেন। এরপর তাঁর বাবা ওয়াহিদ শরীফ বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। তাঁর বাবা মারা গেলে বড় বোন ঝর্ণা আক্তার মামলার বাদী হন। মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে সাক্ষীর পর্যায়ে আছে।

ফারজানা টুম্পা আরও বলেন, ‘আপসের জন্য চাপ দিলে আমরা রাজি হইনি। এ ঘটনায় ৮ জুলাই সকালে ২০-৩০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা দা ও কুড়াল দিয়ে আমাদের ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। বড় বোনকে (ঝর্ণা আক্তার) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ও বাঁ-হাত ভেঙে ফেলে, ছোট ভাইয়ের (মাসুম শরীফ) বাঁ-পা ভেঙে ফেলে ও মাথা ফাটিয়ে দেয়। ছোট ভাইয়ের স্ত্রীকে (লিমা আক্তার) পিটিয়ে ডান পা ভেঙে ফেলে। ছোট ভাইয়ের (মাসুম) নানিশাশুড়িকে (আমেনা বেগম) ডান হাতে কোপ দেওয়া হয়। আমাকে (ফারজানা) বেধড়ক পেটায় এবং ভাগনে আমির হোসেনকে ডান পায়ে এবং মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় আমরা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হই। এ ঘটনায় ১১ জুলাই আমার ভাই মুসলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করলেও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। উল্টো আসামিরা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে আমরা এখন আতঙ্কে আছি। হত্যা মামলার এক সাক্ষীকে গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদের হুমকি দেওয়া হচ্ছে, তাঁরা যাতে আদালতে গিয়ে সাক্ষী না দেন।’

গতকাল রোববার সাঈদ হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, মামলা হলেও কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সাক্ষীদের হয়রানির বিষয়টি অস্বীকার করেন তিনি।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম বলেন, ‘মামলাটি বর্তমানে সাক্ষীর পর্যায়ে রয়েছে। বাদীর বাড়িতে হামলা হয়েছে শুনেছি। সাক্ষীদের নিরাপত্তা নিয়ে সমস্যা হলে তাঁদের নিরাপত্তা দিয়ে আদালতে আনার ব্যবস্থা করা হবে।’

পুলিশ সুপার মঈনুল হক বলেন, যাঁরা ভুক্তভোগী, তাঁদের ক্ষতি করার জন্য চেষ্টা করা হলে আইনগতভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।