জয়পুরহাটের কালাই উপজেলায় অভাবী মানুষের কিডনি বেচাকেনা নিয়ে আবার ব্যবসা শুরু করার অভিযোগে আবদুস সাত্তার ও কয়েকজনকে আটক করা হয়েছে। আবদুস সাত্তার ওই ঘটনায় দুই বছর আগে করা মামলার অন্যতম আসামি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রথম আলোয় ‘একই দালালেরা আবার কিডনি-বাণিজ্যে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
দুপুরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহমেদ পুলিশকে নিয়ে কিডনি বেচাকেনা চক্রের খোঁজে অভিযান চালান। এ সময় তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আবদুস সাত্তার ও মিজানুর রহমান ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। আবদুস সাত্তারকে উপজেলার উদয়পুর ইউনিয়নের বহুতি গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয়। ২০১১ সালের ২৯ আগস্ট কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালাই থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি এখন জামিনে রয়েছেন। একই গ্রাম থেকে পুলিশ মিজানুর রহমান নামে আরও একজনকে আটক করে। জানা গেছে, তাঁর বাবা গোলাম মোস্তফা ওই মামলার আসামি। তিনি বাবা (গোলাম মোস্তফা) পলাতক থাকায় মিজানুর রহমানকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, আসামিরা জামিনে ছিলেন। আবার কিডনি বেচাকেনা শুরু করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আবদুস সাত্তার, মিজানুর রহমানসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তথ্য-প্রমাণ পেলে আরেকটি মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হবে।
গত কয়েক দিনে কালাইয়ের তিনটি ইউনিয়নের ১০টি গ্রামে খোঁজখবর করে কিডনি-বাণিজ্যের দালাল হিসেবে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁদের মধ্যে তারেক আজম চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম ওরফে দাউদ, নাফিজ মাহমুদ, আবদুস সাত্তার ও আবদুল মান্নান—এ পাঁচজন আগের মামলাটির অভিযোগপত্রভুক্ত আসামি। কিডনি বিক্রেতা ও এলাকার মানুষজন বলছেন, প্রথমোক্ত তিনজন ঢাকায় বসে কিডনির ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। নাফিজ একই সঙ্গে ভারতের ‘কলম্বিয়া এশিয়া’ হাসপাতালের এ দেশীয় প্রতিনিধি। বাকি দুজন অর্থাত্ সাত্তার ও মান্নান তাঁদের হয়ে কালাইয়ে কাজ করছেন।
আরও পড়ুন... একই দালালেরা আবার কিডনি-বাণিজ্যে