মামলার উদ্যোগে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করার সরকারি উদ্যোগের খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের প্রতি নিরপেক্ষ ও ন্যায়সংগত ব্যবহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দরিদ্র মানুষের বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে ড. ইউনূসের অবদানের প্রশংসা করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী ড. ইউনূসের প্রতি যথাযথ ও ন্যায়সংগত ব্যবহার করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিদেশ থেকে আয় করা অর্থের ওপর কর ফাঁকির অভিযোগে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ার পর এ আহ্বান জানাল যুক্তরাষ্ট্র।

ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের সহযোগী আট প্রতিষ্ঠানের করমুক্ত সুবিধা নিয়ে বছরব্যাপী তদন্তের পর কয়েক দিন আগে মন্ত্রিপরিষদে প্রতিবেদন দাখিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই প্রতিবেদনের পর সরকার ড. ইউনূস ও আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

গ্রামীণ ব্যাংকের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃবিতে বলা হয়, ওই প্রতিষ্ঠানের সাফল্য অব্যাহত রাখতে পারবেন, এমন দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দেন ২০১১ সালে। ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পরও তিনি ওই পদে থাকায় আইনের লঙ্ঘন হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। ব্লুমবার্গ।