চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংখ্যালঘু এক পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার আসামি আবদুল করিম ওরফে কালা করিম গতকাল বৃহস্পতিবার জামিনে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ নিয়ে এই মামলার পাঁচ আসামি জামিনে মুক্তি পেলেন।মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত সোমবার ৩৯ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে।কারাগার সূত্র জানায়, চাঞ্চল্যকর কোনো মামলার আসামির জামিনে মুক্তির আগে কারা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানায়। করিমের ক্ষেত্রেও বিষয়টি জেলা পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি হাইকোর্ট থেকে জামিন পান। ২০০৩ সালের ২৩ ডিসেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে এটিসহ চারটি মামলা আছে। সূত্র আরও জানায়, এর আগে এই মামলার আসামি মোক্তার আলম, আবু তৈয়ব, আলী আকবর, শফিক মিয়া জামিনে মুক্তি পান।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ১৬ জানুয়ারি এই হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণের ব্যাপারে আদালতে শুনানির দিন ধার্য আছে।