যুবলীগ নেতা রিয়াজুল হক খান ওরফে মিল্কি হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কমলাপুর এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন র্যাবের সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, শহিদুলকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা নয়জনে পৌঁছাল। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিপণিকেন্দ্র ‘শপার্স ওয়ার্ল্ডের’ সামনে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। মিল্কি ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।