মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ১৯৭৩ সালে নিহত চার রাজনীতিক হত্যার মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্থগিতাদেশ সম্পর্কিত রুলটির নিষ্পত্তি করেন। ফলে নিম্ন আদালতে এ হত্যা মামলা চালাতে আর কোনো বাধা থাকল না বলে আইনজীবী জানিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ করে ১৯৭৩ সালের ১০ মার্চ নৌকায় করে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ শহরে ফিরছিলেন সিপিবি নেতা ওলিউর রহমান লেবু, ন্যাপ নেতা কমলেশ বেদজ্ঞ এবং ছাত্র ইউনিয়নের দুই নেতা বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্ত্তী ওরফে মানিক। পথে কোটালীপাড়ার টুপুরিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওই দিনই হামলার শিকার হয়েছিলেন চার নেতার আরেক সহযোগী লুৎফর রহমান। সন্ত্রাসীরা লুৎফর নিহত হয়েছে ভেবে চলে যায়। পরে লুৎফর বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলা করেন।
২০০০ সালের ২০ ফেব্রুয়ারি মো. হেমায়েতউদ্দীনসহ ২৩ জনকে অভিযুক্ত করে জেলা জজ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর আসামি মোজাম এ মামলার ব্যাপারে হাইকোর্টে রিট আবেদন করেন। এ পর্যায়ে আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করেন। দীর্ঘ ১২ বছর পর ২০১২ সালের ৩ এপ্রিল হাইকোর্টে এ মামলার স্থগিতাদেশ সম্পর্কিত রুলটি খারিজ হয়ে যায়। এরপর আরেক আসামি শামসুল হক হাওলাদার ২০১৩ সালের ৮ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন। মামলাটির কার্যক্রম পুনরায় স্থগিত হয়ে যায়।
এ মামলার বাদী লুৎফর রহমানের আইনজীবী সঞ্জীব কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, গতকাল হাইকোর্টে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ শুনানি শেষে হত্যা মামলাটির ওপর জারি করা স্থগিতাদেশ তুলে নেন। পাশাপাশি বিরতিহীনভাবে শুনানি শেষ করে দ্রুত রায় দেওয়ার জন্য গোপালগঞ্জের দায়রা জজ আদালতকে নির্দেশ দেন।
নিহত কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ প্রথম আলোকে বলেন, ‘মামলাটির বিচারিক কার্যক্রম আবার শুরু করা যাচ্ছে, এটা আমার জন্য অত্যন্ত উত্তেজনাকর বিষয়। আমি প্রত্যাশা করি, জীবদ্দশায় এ হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারব।’