মামলার কারণে ঝুলে আছে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভায় নির্বাচনের দাবিতে গতকাল শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মামলা করে বারবার নির্বাচন বানচাল করায় নাগরিকদের ভোটাধিকার হরণ করা হচ্ছে বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন। তাঁরা বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহকে অবিলম্বে মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ১৯৯৯ সালে মেহেরপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের মতো ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠানের কথা। কিন্তু তার আগেই ১৫ আগস্ট মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের বাসিন্দা আখতার ইমাম সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। বাদীর অভিযোগ ছিল, তিনিসহ ওই গ্রামের ১১৯টি পরিবার আমদাহ ইউনিয়নের রাইপুর মৌজাভুক্ত। কিন্তু তাঁরা মেহেরপুর পৌরসভায় বসবাস করেন এবং পৌরসুবিধা গ্রহণসহ পৌরকর পরিশোধ করেন। তাই তাঁদের পৌরসভার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। একই অভিযোগ এনে ২৯ আগস্ট আনিসুর রহমান নামে এক ব্যক্তি দ্বিতীয় মামলাটি করেন। সে সময় পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন উপরোল্লিখত দুটি মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। আদালত মামলা দুটির কার্যক্রম স্থগিত করলে নির্বাচন নিয়ে আইনি জটিলতা দূর হয়। এর পরপরই বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহ বাদী হয়ে তৃতীয় মামলাটি করলে নির্বাচন আবার স্থগিত হয়ে যায়। সর্বশেষ মামলাটির বিরুদ্ধে কোনো আপিল না হওয়ায় মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো আইনি জটিলতা রয়ে গেছে। পৌর নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গতকালের সমাবেশে বক্তৃতা করেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, দলীয় নেতা আক্কাছ আলী, আবদুল মান্নান, আবদুল মতিন ও মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ইয়াসিন আলীসহ কাউন্সিলর প্রার্থীরা। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মামলা প্রত্যাহার করে অবিলম্বে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে না দিলে বিক্ষুব্ধ নাগরিকেরা মেয়রের বাড়ির পানি, বিদ্যুৎ লাইন বন্ধসহ তাঁকে সামাজিকভাবে অবাঞ্ছিত ও বয়কট করবে। বর্তমান মেয়র তাঁর জীবনের নিরাপত্তা ও পৌর ভবনের মূল্যবান সম্পদ রক্ষা ও নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাব কমান্ডারকে চিঠি দিয়েছেন। মেয়র জানান, তিনি পৌর নির্বাচনের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করেননি। বরং আইনি জটিলতা দূর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন।