যশোরের শার্শা উপজেলার ছোট মান্দারতলা গ্রামে মামলার কারণে বিএনপি-সমর্থিত ৩০টি বাড়ি এখন পুরুষশূন্য। এক সপ্তাহ ধরে ১৮টি সেচপাম্প বন্ধ থাকায় অন্তত ৩০০ বিঘা বোরো খেত পানির অভাবে মরে যাচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা-কর্মী সেচপাম্প চালাতে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গত শুক্রবার দুর্বৃত্তরা এসব বাড়ি থেকে ১১টি গরু ও তিনটি বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে জমির আইল নিয়ে বিরোধের জের ধরে গ্রামের মিলন নামের এক যুবককে মারধর করা হয়। এ ঘটনায় মিলনের বাবা মোশারেফ হোসেন থানায় মামলা করেন। মামলার এজাহারে শার্শা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুস সাত্তার, যুবদলের সহসভাপতি হবিবুর রহমান, বিএনপির কর্মী আবু তালেব, তাছের আলী, ইউসুপ আলী, কাসেম, বরকত আলী ও মালেকসহ ১৭ জনকে আসামি করা হয়। এরপর থেকে পুলিশ প্রতি রাতে আসামি ধরার উদ্দেশে ওসব বাড়িতে যাচ্ছে। এদিকে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা কাউকে সেচপাম্পও চালাতে দিচ্ছে না।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার শফিকুল নামের এক যুবক সেচপাম্প চালাতে গেলে আওয়ামী লীগের কয়েকজন কর্মী তাঁকে মারধর করে। যার জন্য কোনো লোক তাদের খেতে শ্রম বিক্রি করতে সাহস করছে না। বোরো খেতে গিয়ে দেখা যায়, বোরো আবাাদ পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও কোথাও ধানগাছ হলদে বর্ণ ধারণ করেছে। মাঠে কাজ করা একজন কৃষক জানান, আওয়ামী লীগ-বিএনপির গণ্ডগোলের কারণে ধানগাছগুলো মরে যাচ্ছে। ইরি ধান হচ্ছে পানির ধান। পানি না পেয়ে গাছ মরা শুরু করেছে।গ্রামের পুরুষশূন্য বাড়িতে গিয়ে দেখা যায়, চারদিকে সুনসান নীরবতা। নারীরা বাড়ির বারান্দায় নির্লিপ্ত বসে আছেন। যশোর সরকারি এমএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া ইসলাম বলেন, ‘আমরা মরার মতো বেঁচে আছি। বাড়িতে রান্নাবান্না হচ্ছে না। বাড়িতে যখন-তখন আওয়ামী লীগের লোকজন এসে শাসিয়ে যাচ্ছে। ধানখেত বাঁচানোর জন্য এলাকার নারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাদের কাছে গিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।’এ ব্যাপারে ইউএনও কামরুল আরিফ জানান, কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন বলেন, ‘গ্রামপুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এর বাইরে আমার কিছুই করার নেই। আমি খাই-দাই-ঘুমায়। সাক্ষী-টাক্কি দিয়ে নিজের জীবন হারাতে রাজি না।’ শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিদের ধরার জন্য বাড়িতে যাওয়া হয়। তারা সবাই এখন পলাতক রয়েছে। গরু চুরির ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম বলেন, বিষয়টি মীমাংসা করা দরকার। এ ব্যাপারে আলোচনাও হয়েছিল। কিন্তু কোনো মীমাংসা হয়নি।