মামলার কারণে স্থায়ী হতে পারেননি ৫৮ কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর দৈনিক ভিত্তিতে নেওয়া কর্মচারীদের মধ্য থেকে ৫২ জনকে স্থায়ী নিয়োগ দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। তবে মামলা থাকায় চারটি পদের ৫৮ জন কর্মচারীর ভাগ্য এখনো ঝুলে রয়েছে। স্থায়ী নিয়োগের জন্য এখন তাঁরা উচ্চ আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন।
ওয়াসা সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাবির মুখে চলতি বছরের ১৮ জানুয়ারি ওয়াসার বোর্ড সভায় দৈনিক ভিত্তিতে নিয়োগ পাওয়া অস্থায়ী কর্মচারীদের স্থায়ী পদে অন্তর্ভুক্তের সিদ্ধান্ত হয়। কিন্তু কয়েকটি পদে মামলা থাকায় স্থায়ী নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। কর্তৃপক্ষ বারবার সমঝোতা ও মামলা তুলে নেওয়ার প্রস্তাব দিলেও রাজি হননি মামলাকারীরা। তাঁরা এ বিষয়ে লিখিত চুক্তি করার দাবি জানান। তবে ওয়াসা কর্তৃপক্ষ তাঁদের এ দাবি মেনে নেয়নি।
জানা গেছে, গত ১৬ আগস্ট অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার সিলেকশন বোর্ডের সভায় অন্যদের সঙ্গে দৈনিক ভিত্তিতে নিয়োগ পাওয়া ১১০ জনকেও স্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করা হয়। তবে যেসব পদে নিয়োগের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে সেসব পদে আদালতের আদেশ সাপেক্ষে নিয়োগপত্র ইস্যুর বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ফলে নিষেধাজ্ঞা থাকা চারটি পদের ৫৮ জনের স্থায়ী নিয়োগ আটকে যায়।
ওয়াসা জানিয়েছে, চারটি পদে নিয়োগ বন্ধ রাখতে ২০১১ সালে উচ্চ আদালতে পৃথক চারটি মামলা দায়ের করেছিলেন ১৯ জন কর্মচারী। পদগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী পাম্পচালক, কার্য সহকারী ও অফিস সহায়ক। মামলা করা হলে আদালত এ চারটি পদে নিয়োগ স্থগিতের আদেশ দেন। মামলাগুলো এখনো বিচারাধীন।
দায়ের করা মামলাগুলোর একটির বাদী সহকারী পাম্পচালক মহিউদ্দিন মানিক। তিনি বলেন, ‘আমাদের স্থায়ী না করে কর্তৃপক্ষ নতুন নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বাধ্য হয়ে মামলা করেছিলাম। পরে অবশ্য কর্তৃপক্ষ আমাদের মামলা তুলে নিতে বলেছিল, কিন্তু চাকরি চলে যাবে এই ভয়ে মামলা তুলতে পারিনি। তবে আমাদের হাতে নিয়োগপত্র তুলে দিলে আমরা মামলা প্রত্যাহার করতাম।’
ওয়াসার সচিব মো. সামসুদ্দোহা বলেন, ‘আমরা তাঁদের বারবার মামলা প্রত্যাহার করার কথা বলেছি। কিন্তু তাঁরা আমাদের কথায় আস্থা রাখেননি। যেহেতু আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তাই ৫৮ জনকে স্থায়ী নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। এখন যদি তাঁরা মামলা প্রত্যাহার করে নিয়ে আসেন কিংবা মামলাগুলো মীমাংসিত হয়, তখন তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে।’