মামলার কার্যক্রম স্থগিত করতে সাকা চৌধুরীর আবেদনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিত করতে তাঁর করা আবেদনের শুনানি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত শুনানি মুলতবি করেন।বেলা ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগেই সাকা চৌধুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।গতকালও সাকা চৌধুরীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় ট্রাইব্যুনাল জানতে চান, তাঁর আইনজীবীরা কোথায়? জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনালের ভয়ে তাঁরা এখানে আসতে পারছেন না। এ সময় ট্রাইব্যুনাল তাঁকে সতর্ক করে দিয়ে বলেন, এটি একটি আদালত, মজা করার জায়গা নয়।এরপর ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়ানো সাকা চৌধুরী নিজেই আবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংবিধান-পরিপন্থী। কেননা, সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার এই আইনের আওতায় আটক হওয়া ব্যক্তিদের জন্য স্থগিত রাখা হয়েছে। এ জন্য এই আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রমও সংবিধান-পরিপন্থী।সাকা চৌধুরী বলেন, সংবিধানের ১০৭(১) ধারা অনুসারে সংসদ-প্রণীত কোনো আইনের বিধি প্রণয়ন করার ক্ষমতা সুপ্রিম কোর্টের। কিন্তু ট্রাইব্যুনালের বিচারপতিরা ১৯৭৩ সালের আইনের বিধিমালা প্রণয়ন করেছেন। এটি কি সংবিধান লঙ্ঘন নয়? আবেদনটি লেখার ক্ষেত্রে আইনজীবীরা ভুল করেছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন।বেলা একটা পর্যন্ত ২১ পৃষ্ঠার আবেদন পড়া শেষে সাকা চৌধুরী এর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। এ সময় ট্রাইব্যুনাল তাঁর কাছে জানতে চান, যুক্তি উপস্থাপন শেষ করতে আর কতক্ষণ লাগবে? জবাবে তিনি বলেন, আরও তিন-চার ঘণ্টা লাগবে। পরে ট্রাইব্যুনাল আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত শুনানি মুলতবি করেন।শারীরিক নির্যাতনের অভিযোগ: আবেদন উপস্থাপনের একপর্যায়ে সাকা চৌধুরী অভিযোগ করেন, কারাগারে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি ৩২ বছর ধরে আইনপ্রণেতা, এখনো একজন সাংসদ, কোন স্পর্ধায় তাঁর গায়ে হাত দেওয়া হয়?