মিরপুরে ব্যবসায়ী নেতা আফতাব উদ্দিন হত্যা মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর কেন অবৈধ ঘোষণা করা হবে, না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটির কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
নিহত ব্যবসায়ীর ভাই ও মামলার বাদী আফরোজ উদ্দিনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই রুল ও স্থগিতাদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রুল জারির পাশাপাশি মহানগর দায়রা জজ আদালতে মামলাটির কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ২০০৫ সালের ডিসেম্বরে মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী আফতাব উদ্দিনকে হত্যার অভিযোগে তাঁর ছোট ভাই আফরোজ উদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেছিলেন। তদন্ত শেষে শীর্ষ সন্ত্রাসী শাহাদতসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেয় র্যাব-৪।
আদালত সূত্র বলছে, ২০১০ সালের ৩ অক্টোবর মিরপুরের ব্যবসায়ী নেতা আফতাব উদ্দিন হত্যা মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রথমে বাতিল করা হয়। পরে ২০১১ সালের ২৭ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ ১৯ আসামির অব্যাহতির আদেশ বাতিল করেন। এতে সব আসামির বিরুদ্ধে মামলাটি চলমান থাকে।
মামলার বাদী আফরোজ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, মামলাটি পুনরুজ্জীবিত হওয়ার পর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচার চলছিল। হঠাৎ করে গত ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণ চলমান অবস্থায় মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। এরপরই তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
পুলিশ বলেছে, মামলার প্রায় সব আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী। এদের মধ্যে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদতও আছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শাহাদত হোসেন ১৪টি হত্যা ও খোরশেদ আলম ১০টি হত্যাসহ ১৩টি মামলার পলাতক আসামি। ওয়ার্ড কাউন্সিলর ছাইদুর রহমান ওরফে নিউটন হত্যাসহ দুটি মামলায় আদালত শাহাদতকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আর নিউটন হত্যা মামলায় তাঁর সহযোগী খোরশেদও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত। এঁরা দুজন বিদেশে পালিয়ে আছেন। তাঁদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ শতাধিক জিডি আছে। মামলার ১ নম্বর আসামি ওসমান গণির বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।