
ছয় বছর ধরে কেবল শুনানির তারিখ পড়ছে। কিন্তু একজন সাক্ষীকেও হাজির করা যায়নি। হাজির না হওয়া সাক্ষীদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। দুই যুগ পরও চট্টগ্রাম গণহত্যা মামলার বিচার শেষ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশের গুলিতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনা চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিত।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১০ আগস্ট এই মামলায় সর্বশেষ সাক্ষ্য গ্রহণ করা হয়। আর ২৮ বছরে ১৬৮ সাক্ষীর মধ্যে মাত্র ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত বছরের ৫ নভেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্য হয়নি। ২০১৫ সালে মামলার তারিখ পড়ে ছয়টি, ২০১৪ সালে পাঁচটি এবং ২০১৩ সালের আট কার্যদিবসে কোনো সাক্ষীকে হাজির করা যায়নি।
মামলার আট আসামির মধ্যে মারা গেছেন দুজন। শুরু থেকে পলাতক রয়েছেন পুলিশের সাবেক এসআই গোবিন্দ চন্দ্র মণ্ডল। জামিনে আছেন তৎকালীন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা, কনস্টেবল প্রদীপ বড়ুয়া, মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শাহ আবদুল্লাহ।
বিচারের শেষ দেখে যেতে পারেননি মামলার বাদী শহীদুল হুদাও। ২০১৩ সালে তিনি মারা যান। বিচার শেষ না হওয়ায় নিহত ব্যক্তিদের স্বজনেরাও হতাশ হয়ে পড়েছেন। সেদিন গুলিতে নিহত ছাত্রলীগের নেতা স্বপন বিশ্বাসের স্ত্রী রেবা বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কেউ আমাদের খবর নেয়নি। কেউ সহযোগিতাও করেনি। হত্যার বিচার দেখে যেতে পারব কি না, জানি না।’
চলতি মাসের মাঝামাঝি সময়ে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। এর আগে মামলাটি প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।
একের পর এক ধার্য দিনে সাক্ষী হাজির না হওয়ায় গত বছরের ৫ নভেম্বর প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এক আদেশে উল্লেখ করেন, ‘১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭১(২) ধারা অনুযায়ী সাক্ষীকে হাজির করার দায়িত্ব পুলিশ কর্মকর্তার। সাক্ষীর অভাবে মামলা প্রমাণ করা না গেলে এর দায় পুলিশকে বহন করতে হবে।’
ছয় বছরে একজন সাক্ষীকেও কেন হাজির করা যায়নি তা জানতে চাইলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, চেষ্টা করেও সাক্ষীদের হাজির করা সম্ভব হয়নি।
মামলার ১৬৮ সাক্ষীর মধ্যে পুলিশ সাক্ষী ৪৮ জন। এঁদের মধ্যে মাত্র নয়জন সাক্ষ্য দিয়েছেন। হাজির না হওয়া পুলিশ সাক্ষীরা হলেন সহকারী কমিশনার মিয়া আবুল কাশেম ও জাহাঙ্গীর হাওলাদার, এসআই জেসি মণ্ডল, পরিদর্শক বজলুর রহমান, সুবেদার দৌলত মিয়া, সার্জেন্ট মুরাদ খান, কনস্টেবল বশির উদ্দিন, জহির আহমেদ, সিরাজুল হক, তরুণ কুমার, সিরাজুল ইসলাম, মো. আবদুল্লাহ, মো. সালামসহ ৩৯ জন। অভিযোগপত্র দেওয়ার সময় তাঁরা ওই পদে ছিলেন।
সাক্ষীদের হাজির করার বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, সাক্ষীদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট থানার ওসিদের বলা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, সাক্ষীদের হাজির করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের চেষ্টা থাকবে।