মামলার ক্ষোভ গাছের ওপর?
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচরে জমি নিয়ে মামলা করায় ক্ষোভে প্রতিপক্ষরা গত বৃহস্পতিবার এক কৃষকের ২০টি মেহগনি গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আবদুস সাত্তার মোল্যা নামের ওই কৃষক গতকাল শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিিড) করেছেন৷
সাত্তার মোল্যা অভিযোগ করেন, পূর্ব উজানচর জৈনদ্দিন সরদারপাড়ায় বাড়ির কাছে ৪০ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ জমিতে তাঁর বাড়িঘর থাকলেও বাকি ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে প্রতিবেশী জিন্নাহ মোল্যার সঙ্গে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে ওই জায়গা দখলের চেষ্টা করলে জিন্নাহ মোল্যার বিরুদ্ধে গত ১৯ মে তিনি রাজবাড়ীর আদালতে মামলা করেন৷ আদালত জমির ওপর ১৪৪ ধারা স্থিতিবস্থা জারি করেন। এর মধ্যে পুনরায় জমি দখলের চেষ্টা করলে তিনি বিষয়টি আদালতকে জানান৷ বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দঘাট থানার পুলিশ পুনরায় ওই জমিতে গিয়ে ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়৷ কিন্তু এর আগেই ওই দিন সকালে জিন্নাহ মোল্যা ও তাঁর ছেলে বাবু মোল্যা প্রকাশ্যে দা দিয়ে সাত্তার মোল্যার লাগানো ২০টি মেহগনি গাছ কেটে ফেলেন।
গোয়ালন্দঘাট থানার সহকারী উপপরিদর্শক আসাদুজ্জামান গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশে ওই জমিতে পুনরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’