মামলার গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে করা মামলার গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সিরাজুদ্দৌলা কুতুবীর আদালতে শুনানির দিন ধার্য ছিল।

গত ২৭ সেপ্টেম্বর অভিযোগটি করেন হাটহাজারীর পশ্চিম শিকারপুরের বাসিন্দা সজল আচার্য।

মামলার তিন আসামি হলেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর, এসআই মো. খায়রুজ্জামান ও আবু বকর ছিদ্দিকী।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ বলেন, বাদী অভিযোগে উল্লেখ করেন গত ১০ সেপ্টেম্বর পশ্চিম শিকারপুরে তাঁর বাড়িতে যান দুই এসআই। সেখানে তাঁর কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর থানায় ডেকে নেওয়া হয় বাদীকে। সেখানে তাঁর কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন পুলিশের তিন কর্মকর্তা। পরে ৫০ হাজার টাকা দিয়ে থানা থেকে ছাড়া পান সজল আচার্য।

তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।