মামলার চক্করে ইউনিয়ন পরিষদ
মামলা, বিরোধিতা ও বাধার কারণে এক যুগেও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড নিয়ে মৌডুবি ইউনিয়ন পরিষদ গঠন করা সম্ভব হয়নি৷ ২০০২ সালে বড়বাইশদিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই এলাকার লোকজন নিজেদের দুর্ভোগ লাঘবের জন্য আলাদা ইউপি গঠনের উদ্যোগ নেন৷ কিন্তু সেই উদ্যোগ সফল না হওয়ায় নয় কিলোমিটার দূরে গিয়ে নাগরিকত্ব সনদসহ অন্যান্য সেবা নিতে বড়বাইশদিয়া ইউপি কার্যালয়ে গিয়ে ওই এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে৷ একই কারণে বড়বাইশদিয়া ইউনিয়নে ১১ বছর ধরে ইউপি নির্বাচন হচ্ছে না৷
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি এলাকাটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন৷ এ এলাকার মানুষকে নদীপথে প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে বড়বাইশদিয়া ইউপি কার্যালয়ে গিয়ে নাগরিকত্ব, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সনদ, ভিজিডি-ভিজিএফের চালসহ নানা েসবা নিতে হয়৷ এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০২ সালে প্রশাসন বড়বাইশদিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে মৌডুবি ইউিনয়ন গঠন করার উদ্যোগ নেওয়া হয়৷ এই তিনটি ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় ১০ হাজার৷রাঙ্গাবালী উপজেলা নিবাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ২০০২ সালের প্রথম দিকে পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা প্রশাসন বড়বাইশদিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড নিয়ে মৌডুবি নামে পৃথক একটি ইউনিয়ন গঠনের কার্যক্রম শুরু করে৷ কিন্তু মো. সোনা মিয়া নামে বড়বাইশদিয়ার চরগঙ্গা গ্রামের এক ব্যক্তি নতুন ইউনিয়ন গঠনবিষয়ক কাজ বন্ধ রাখার জন্য ২০০২ সালের অক্টোবরে উচ্চ আদালতে একটি মামলা করেন৷ ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত নতুন ইউনিয়ন গঠনসংক্রান্ত কর্মকাণ্ড স্থগিত রাখার নির্দেশ দেন৷ এতে নতুন ইউপি গঠনের কার্যক্রম স্থগিত হয়ে যায়৷
রাঙ্গাবালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আরও জানান, ২০০৮ সালের জুনে আদালত মো. সানা মিয়ার মামলাটি খারিজ করে দিলে ২০০৯ সালের মার্চে একই দাবিতে একটি রিট মামলা করেন গাববুনিয়া গ্রামের মো. কলিম খান৷ পরে তিনি মামলাটি প্রত্যাহার করে নেন৷ গলাচিপা ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের মার্চে বড়বাইশদিয়া ইউনিয়নের উল্লিখিত তিনটি ওয়ার্ড নিয়ে মৌডুবি ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়৷ এর কয়েক দিন পর বড়বাইশদিয়া ও মৌডুবির সীমানা পুনর্নির্ধারণ এবং মৌডুবি ইউপি গঠনের গেজেট বাতিল করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে একটি রিট করেন বড়বাইশদিয়ার গাববুনিয়া গ্রামের আব্বাস হাওলাদার৷ ওই মামলার পরিপ্রেক্ষিতে মৌডুবি ইউনিয়ন গঠনসংক্রান্ত গেজেট ও বড়বাইশদিয়ার নির্বাচন স্থগিত করেন আদালত৷
মৌডুবি এলাকার বাসিন্দা হানিফ মিয়া বলেন, ‘বড়বাইশদিয়া ইউপির চেয়ারম্যান আবু হাসানাত আবদুল্লাহ ক্ষমতায় টিকে থাকার জন্য তাঁর লোকজন দিয়ে এ পর্যন্ত চারটি মামলা করিয়ে মৌডুবি ইউনিয়নের কার্যক্রম স্থগিত করিয়েছেন৷ আবু হাসানাত আবদুল্লাহ বলেন, ‘আমার লোকজন দিয়ে মামলা করাচ্ছি এই অভিযোগ ঠিক নয়।’