
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দুটির সর্বশেষ আইনগত প্রক্রিয়া শুরু হতে আর মাত্র দুদিন বাকি।
রাষ্ট্রপক্ষ আশা করছে, এ দুজনের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তির মধ্য দিয়ে খুব শিগগির মামলা দুটির চূড়ান্ত সমাপ্তি ঘটবে। তবে পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য সময় নেওয়ার চিন্তা করছে আসামিপক্ষ। মুজাহিদের আইনজীবীরা বলছেন, ‘পুলিশি হয়রানির’ জন্য তাঁরা মূল মামলার প্রস্তুতি নিতে পারেননি। সাকা চৌধুরীর আইনজীবীরা বলেছেন, তাঁরা মূল মামলার চেয়ে সাফাই সাক্ষীর আবেদনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।
আগামী ২ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাকা চৌধুরী ও মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য নির্ধারিত রয়েছে। সাকা চৌধুরী গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ এবং মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এমনিতে ফৌজদারি মামলায় রায় পুনর্বিবেচনার সুযোগ খুবই কম। সাধারণত আদালতের কোনো ভুল হলে রায় পুনর্বিবেচনা করা হয়। তাই খুব শিগগির পুনর্বিবেচনার আবেদন দুটি নিষ্পত্তি হতে পারে। এক দিনে পুনর্বিবেচনার দুটি আবেদনের শুনানি হতে কোনো বাধা নেই, একটার পর একটা আবেদনের শুনানি হতে পারে। তবে সবই আদালতের ওপর নির্ভর করছে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা চৌধুরী ও মুজাহিদ। ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত আবেদন দুটি শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন।
এদিকে ১৯ অক্টোবর সাকা চৌধুরীর আইনজীবী পাঁচ পাকিস্তানিসহ আটজন সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়ার আরজি জানিয়ে আপিল বিভাগে একটি আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্যও ২ নভেম্বর দিন ধার্য রয়েছে। ওই আবেদনে বলা হয়েছে, সাকা চৌধুরী যে ১৯৭১ সালের ২৯ মার্চ থেকে ১৯৭৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ছিলেন না, এ বিষয়ে আটজন সাক্ষ্য দিতে চান। আদালতের সমন পেলে তাঁরা এসে সাক্ষ্য দেবেন। সাকা চৌধুরীর আইনজীবীরা এখন ওই আবেদনের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন। এ বিষয়ে সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো যে মিথ্যা ও বানোয়াট, তা ওই আটজনের সাক্ষ্য নিলে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে।
অবশ্য অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিচারের এ পর্যায়ে এসে এ ধরনের আবেদন নজিরবিহীন।
মুজাহিদের আইনজীবীরাও মূল মামলার পরিবর্তে তাঁদের আইনজীবীদের নিরাপত্তা চেয়ে করা আবেদনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। দুই আইনজীবীকে হয়রানির অভিযোগ এনে ২৫ অক্টোবর আপিল বিভাগে একটি আবেদন করেছেন তাঁরা। ওই আবেদনে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ২২ অক্টোবর মুজাহিদের আইনজীবী শিশির মনিরের বাসায় তল্লাশি চালায় পুলিশ। বাসায় তাঁকে না পেয়ে তাঁর গাড়িচালককে ধরে নিয়ে যাওয়া হয়। আর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর এক আইনজীবী আসাদ উদ্দিন গ্রেপ্তারের পর পুলিশের রিমান্ডে আছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল যোগাযোগ করা হলে জামায়াতের দুই নেতার কোনো আইনজীবীই পরিচয় প্রকাশ করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন প্রথম আলোকেবলেন, ‘খন্দকার মাহবুব হোসেন প্রধান আইনজীবী হিসেবে রিভিউ আবেদনের শুনানি করবেন। কিন্তু শিশির মনিরের অনুপস্থিতিতে এ শুনানি করা অসম্ভব। কারণ, মুজাহিদের মামলার খুঁটিনাটি একমাত্র শিশির মনিরই জানেন। এ জন্য আমাদের আইনজীবীরা যেন হয়রানির শিকার না হন, সেটা আগে নিশ্চিত করা জরুরি।’
খন্দকার মাহবুব হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘২ নভেম্বর আমাদের পদক্ষেপ কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ক্লায়েন্টদের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি।’
দণ্ড কার্যকর সরকারের হাতে: নিয়ম অনুসারে, পুনর্বিবেচনার আবেদনে যদি আপিলের রায়ের কোনো পরিবর্তন না হয়, তবে যেকোনো দিন ফাঁসি কার্যকর করা সম্ভব। দণ্ড কার্যকরের ক্ষমতা সম্পূর্ণ সরকারের হাতে। আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর ফাঁসি কার্যকর করতে আইনগত কোনো বাধা থাকবে না। তখন কারা কর্তৃপক্ষ আসামিকে জিজ্ঞাসা করবে, তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। যদি আসামি আবেদন করতে চান, তবে তাঁকে আবেদন করার জন্য যৌক্তিক সময় দিতে হবে। আর যদি না চান, তবে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে। এরপর দণ্ড কার্যকর করা হবে।
এর আগে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। কাদের মোল্লার পুনর্বিবেচনার আবেদন যেদিন দুপুরে খারিজ হয়েছিল, সেদিন রাতে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। আর কামারুজ্জামানের পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার চার দিন পর তাঁর দণ্ড কার্যকর করেছিল সরকার। দুজনের কেউই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি।