কল্পনা চাকমার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে গতকাল শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।সমাবেশে বক্তারা বলেন, চূড়ান্ত প্রতিবেদনের মধ্য দিয়ে আলোচিত এই মামলাটি শেষ করে দেওয়ার এ চেষ্টা পাহাড়ি মানুষ মানবে না।বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলার আরেক ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তন্টুমনি চাকমা প্রমুখ।সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে আজ রাজধানী ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে বেলা ১১টায় মানববন্ধন করবে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও হিল উইমেন্স ফেডারেশন।হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে অপহূত হন। এর পরদিন কল্পনার ভাই বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেন। চৌদ্দ বছর পর ২০১০ সালের ২১ মে পুলিশ এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। এর বিরুদ্ধে কল্পনার ভাই আদালতের নারাজি আবেদন করেন। এরপর আদালত মামলাটি সিআইডির মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেন। সিআইডিও দুই বছরের তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে কল্পনাকে উদ্ধার করা সম্ভব হয়নি মর্মে গত বছরের ২৬ সেপ্টেম্বর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। ১৩ জানুয়ারি রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে এর ওপর শুনানির দিন ধার্য আছে।