মামলার চূড়ান্ত প্রতিবেদনের পর আসামি গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর মো. কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে দুদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ডিবি মামলাটি পুনরুজ্জীবিত করতে আদালতে আবেদন করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস গতকাল প্রথম আলোকে বলেন, বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার অভিযোগে গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার খাজে দেওয়ান প্রথম লেন থেকে কামালকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে থাকেন ও কাঁচামালের ব্যবসা করেন। দীর্ঘদিন তিনি ডিবির নজরদারিতে ছিলেন।
নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত যে আটজনের ছবি পুলিশ প্রকাশ করেছিল, কামাল তাদের একজন বলে দাবি করেন এই তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, পুলিশের কাছে থাকা ফুটেজ মিলিয়ে কামাল সম্পর্কে নিশ্চিত হয় ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গত বছর পয়লা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। শুরুতে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি অস্বীকার করা হলেও বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। এরপর পুলিশ সদর দপ্তর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত আটজনের ছবি প্রকাশ করে। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে কমিটিও করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণও পায় তদন্ত কমিটি। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ওই আটজনকে ধরিয়ে দিতে বা তাদের বিষয়ে তথ্য দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেন। তবে কাউকে গ্রেপ্তার করতে না পেরে গত ডিসেম্বরে ওই মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা দীপক কুমার দাস বলেন, আসামিদের নাম-ঠিকানা না পাওয়ায় গত ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। আসামি গ্রেপ্তার হওয়ায় গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়েছে।
বিচারক জয়শ্রী সমাদ্দার আগামী ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা পুনরুজ্জীবিত করার আদেশ না হওয়ায় কামালকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম আবদুল্লাহ আল আমিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, নারী লাঞ্ছনাকারীদের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। ওই ঘটনায় আর কারা জড়িত, তাদের নাম-ঠিকানা ও পরিচয় জানতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।