মামলার ছড়াছড়ি অর্ধেকই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পাঁচ প্রার্থীর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। তবে দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই।
মোট নয় প্রার্থীর মধ্যে পাঁচজনই ব্যবসা করেন। এক প্রার্থী আইনজীবী, একজন শিক্ষক ও একজন গৃহিণী। একজন কৃষিকাজ করেন ও জমি ভাড়া দেন। প্রার্থীদের মধ্যে মাত্র দুজন স্নাতকোত্তর পাস করতে পেরেছেন। একজন স্নাতক, একজন এইচএসসি ও দুজন এসএসসি পাস করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। এ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সবচেয়ে বেশি মামলা হয়েছে বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহামঞ্চদ মঈন উদ্দিনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯৭৪ সালের জরুরি ক্ষমতা আইনসহ আটটি মামলা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলার বিচার চলছে। তাঁর পেশা কৃষিকাজ ও জমি ভাড়া দেওয়া। সাভার আশুলিয়ায় বিএনপির সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের ছোট ভাই মঈন উদ্দিন বিএ পাস করেছেন।
দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইনসহ চারটি মামলা করা হয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিনের বিরুদ্ধে। তিনি পরিবহন, ফিলিং স্টেশন, হিমাগার, আবাসনসহ নানা ব্যবসা করেন। তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বলে হলফনামায় লিখেছেন।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফিরোজ কবীর সাভার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ কবীরের বিরুদ্ধে পাঁচটি মামলা থাকলেও সবগুলোতেই খালাস পেয়েছেন। এইচএসসি পাস ফিরোজ ঠিকাদারি, সরবরাহকারী, প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ও মাছের খামারের ব্যবসা করেন।
চেয়ারম্যান প্রার্থী ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলার বিচার চলছে। অষ্টম শ্রেণী পাস রফিকুল ক্ষুদ্র ব্যবসা করেন।
অপর চেয়ারম্যান পদপ্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের মো. মঞ্জুর মোরশেদের বিরুদ্ধেও দুটি মামলা আছে। তিনি অক্ষরজ্ঞানসম্পন্ন বলে হলফনামায় লিখেছেন। তিনি কৃষিকাজ ও ব্যবসা করেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশুলিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরীফ হোসেন খানের বিরুদ্ধে দুটি মামলার বিচার চলছে। তিনি পোশাকশিল্পের ব্যবসা করেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও মামলার ব্যাপারে জানতে চাইলে সাভার কলেজের অধ্যক্ষ ইলিয়াস খান বলেন, স্বল্পশিক্ষিত বা অক্ষরজ্ঞানসম্পন্ন জনপ্রতিনিধি নাগরিক জীবনে যতটা প্রভাব ফেলবে তার চেয়ে বেশি প্রভাব পড়বে যদি উচ্চশিক্ষিত জনপ্রতিনিধিরা দুর্নীতিবাজ হন।