মামলার জালে আটকে আছে পলাশবাড়ী পৌরসভা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার কারণে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নির্বাচন প্রায় সাড়ে চার বছর ধরে আটকে আছে। পলাশবাড়ী সদর ও এর পাশের দুই ইউনিয়ন বরিশাল ও কিশোরগাড়িতে ১৩ বছর ধরে নির্বাচন হচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ইন্ধনে মামলার কারণে নির্বাচনগুলো আটকে যায় বলে অভিযোগ উঠেছে।
পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ২০০১ সালে পলাশবাড়ীকে পৌরসভা ঘোষণা করা হয়। কিন্তু এরপর দীর্ঘদিন পৌরসভা বাস্তবায়নে আর কোনো অগ্রগতি হয়নি। এমনকি ২০১১-১২ অর্থবছরে পৌরসভার অবকাঠামো নির্মাণে ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে তাও ফেরত পাঠানো হয়।
এর মাঝে ২০০৭ সালের শেষের দিকে ওই তিন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের ইন্ধনে পৌরসভা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট মামলা হয়। পলাশবাড়ী সদর ইউনিয়নের উদয়সাগর গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। শফিকুল সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোর্শেদা বেগমের স্বামী। শফিকুল ইসলাম বলেন, ‘আমরা পৌরসভা চাই না। পৌরসভা হলে বাড়তি কর দিতে হবে। তাই মামলা করেছি।’
অনুসন্ধানে দেখা গেছে, বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। পলাশবাড়ী মহিলা কলেজের প্রভাষক শামিকুল ইসলাম বলেন, ‘আশপাশের সব পৌরসভায় নির্বাচন হলেও আমরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আমরা ভোট দিতে পারলাম না।’
পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোকছেদ চৌধুরী অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা চাঁদা তুলে মামলা পরিচালনায় বাদীকে অর্থ ও উৎসাহ দিচ্ছেন।
পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বলেন, মামলার কারণে নির্বাচন না হওয়ার সুযোগে চেয়ারম্যান ও সদস্যরা টিআর-কাবিখাসহ সরকারি বরাদ্দ লুটপাট করছেন।
এসব বিষয়ে বরিশাল ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মুঠোফোনে বলেন, ‘মামলা দায়ের করতে কোনো ইন্ধন দিইনি। যাঁরা মামলা করেছেন, তাঁরাই ভালো জানেন।’ একই মন্তব্য করেন পলাশবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এবং কিশোরগাড়িরআমিনুল ইসলাম।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘পৌরসভা বাস্তবায়ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। কিছু করার নেই।’