মামলার জালে আটকে আছে ২২ পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে। তবে ২২টি পৌরসভার নির্বাচন বছরের পর বছর আটকে আছে সীমানা-সংক্রান্ত জটিলতায় দায়ের হওয়া মামলার কারণে। এর মধ্যে নয়টিতে অনির্বাচিত প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। মামলার কারণে পৌরসভা হওয়ার পরও তিনটির কার্যক্রমই শুরু হচ্ছে না।

এ ছাড়া ছয়টিতে মেয়াদ পার করেও বছরের পর বছর দায়িত্ব পালন করে যাচ্ছেন সেখানকার মেয়ররা। বাকি চারটিতে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও মামলার কারণে হচ্ছে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয় মামলাগুলো নিষ্পত্তিতে উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়ের তথ্য ও প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী, মূলত সীমানাবিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় এসব পৌরসভার নির্বাচন আটকে আছে। এই বিরোধ সৃষ্টির পেছনে কয়েকজন মেয়র বা প্রশাসকের ক্ষমতা আঁকড়ে থাকার অদৃশ্য তৎপরতা যেমন আছে, তেমনি আছে ঠুনকো অজুহাত তুলে নির্বাচন আটকে রাখার ঘটনাও।

দেশে পৌরসভা আছে ৩২৪টি। এর মধ্যে ৬৬টির অনেকগুলোরই মেয়াদ শেষ হয়নি। আর আইনি জটিলতায় ২২টি পৌরসভাকে বাদ রেখেই ২৩৪টিতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, আদালতের নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকটি পৌরসভায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। মামলা থাকায় সেখানে নির্বাচনের উদ্যোগ নেওয়াটা ইসির এখতিয়ারের বাইরে।

জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, এসব মামলা বিভিন্ন কারণে দায়ের হয়েছে এবং এগুলো ততটা জটিল কিছু নয়। মামলাগুলো নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসব পৌর এলাকার বাসিন্দারা বলছেন, পৌরসভায় অনির্বাচিত ব্যক্তি বা স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করায় তাঁদের জবাবদিহি থাকছে না। সেখানকার নাগরিকেরাও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। নিজেদের দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় প্রশাসনের কর্মকর্তারা পৌরসভা পরিচালনায় সময়ও দিতে পারছেন না।

 ছয় পৌরসভায় মেয়াদোত্তীর্ণ মেয়র: মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সভাপতি আবদুল বাতেন পাবনার বেড়া পৌরসভার মেয়র। ১৯৯৯ সালে নির্বাচিত হয়ে তিনি ১৬ বছরের বেশি ওই দায়িত্বে আছেন। মেয়াদ শেষেও ১১ বছরের বেশি সময় ধরে তিনি এই দায়িত্বে আছেন। এলাকা সম্প্রসারণকে কেন্দ্র করে ২০০২ সালে আদালতে পাল্টাপাল্টি মামলায় নির্বাচন বন্ধ হয়, এরপর আরও কয়েকটি মামলা হয়।

অভিযোগ রয়েছে, কোনো কোনো মামলার পেছনে মেয়রের হাত রয়েছে। তিনি বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অভিযোগ অস্বীকার করে আবদুল বাতেন বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমি নির্বাচন ঠেকাতে যাব কেন?’ তাঁর পাল্টা দাবি, জামায়াতের লোকজন মামলা করে নির্বাচন আটকে রেখেছেন।

যশোরের ঝিকরগাছায় ২০০১ সালের ২ এপ্রিল সর্বশেষ নির্বাচন হয়। ২০০৬ সালে মেয়াদ শেষ হয়। কিন্তু তার আগেই সীমানা-সংক্রান্ত তিনটি রিট করেন স্থানীয় তিন ব্যক্তি। মেয়াদ শেষ হলেও সাড়ে নয় বছর ধরে এ পৌরসভায় নির্বাচন হচ্ছে না। ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি আমানুল কাদির অভিযোগ করেন, মেয়র ও কাউন্সিলররা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে মামলাটি নিষ্পত্তি করতে দিচ্ছেন না।

২০০৪ সালে নাটোরের বাগাতিপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে প্রথম নির্বাচন হয়। চার বছর আগে মেয়াদ শেষ হলেও ওই পৌরসভার নির্বাচন হচ্ছে না। পৌরসভা বিলুপ্তির সরকারি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় নির্বাচন আটকে গেছে।

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচন এ যাত্রায় হচ্ছে না এলাকা বর্ধিতকরণ সমস্যার কারণে। নওগাঁর ধামুইরহাট পৌরসভার নির্বাচন ২০১১ থেকে মামলায় আটকে আছে। রাজশাহীর বাঘা পৌরসভার মেয়াদ শেষ হয় ২০১১ সালের মার্চে। সীমানা-সংক্রান্ত মামলার কারণে এত দিন নির্বাচন হয়নি।

অনির্বাচিত প্রশাসক: মামলার প্যাঁচে নরসিংদীর শিবপুর, বগুড়ার সোনাতলা, পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ, সিলেটের বিয়ানীবাজার, কুমিল্লার দেবীদ্বার, জামালপুরের বকশীগঞ্জ, ময়মনসিংহের হালুয়াঘাট ও দিনাজপুরের বিরল পৌরসভায় নির্বাচন আটকে গেছে। এসব পৌরসভায় ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

সময় হলেও নির্বাচন হচ্ছে না: মামলার কারণে আটকে গেছে পিরোজপুরের মঠবাড়িয়া, যশোরের বেনাপোল, চাঁদপুরের শাহরাস্তি ও লক্ষ্মীপুরের সদর পৌরসভার নির্বাচন। এই চারটিতেই আগামী মাসে নির্বাচন হওয়ার কথা ছিল।

তিন পৌরসভা শুরুই হচ্ছে না: চাঁদপুরের নারায়ণপুর, গাইবান্ধার পলাশবাড়ী ও রংপুরের পীরগঞ্জ পৌরসভা হলেও মামলার কারণে কার্যক্রম আটকে গেছে। বর্তমানে এগুলো না পৌরসভা, না ইউনিয়ন।

এদিকে ময়মনসিংহ ও ফরিদপুর পৌরসভার নির্বাচন হচ্ছে না সিটি করপোরেশন হতে পারে এমন সম্ভাবনা থাকায়।

 জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। কোনো কোনো জায়গায় মেয়ররাই পদ আঁকড়ে থাকার জন্য মামলা করিয়ে দীর্ঘসূত্রতা করছেন—এই পর্যবেক্ষণ দিয়ে তিনি বলেন, এ জন্য সরকারকেই মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে হবে। নির্বাচন না হলে নাগরিকেরা অধিকারবঞ্চিত হয় বলেও মত দেন তাঁরা।

{প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন রাজশাহীর আবুল কালাম মোহাম্মদ আজাদ, সিলেটের উজ্জ্বল মেহেদী, কুমিল্লার গাজীউল হক, লক্ষ্মীপুরের এম জে আলম, দিনাজপুরের আসাদুল্লাহ সরকার, নাটোরের মুক্তার হোসেন, জয়পুরহাটের আসাদুল ইসলাম, গাইবান্ধার শাহাবুল শাহীন, পঞ্চগড়ের শহীদুল হক, বগুড়ার আনোয়ার পারভেজ, চাঁদপুরের আলম পলাশ, ময়মনসিংহের কামরান পারভেজ, নরসিংদীর মনিরুজ্জামান, যশোরের মনিরুল ইসলাম, মঠবাড়িয়ার (পিরোজপুর) এ কে এম ফয়সাল, বেড়া (পাবনা) বরুণ রায়, নওগাঁর ওমর ফারুক ও জামালপুরের আবদুল আজিজ}