মামলার তথ্য গোপন করে লড়ছেন 'মাদক' ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের হলফনামায় মাদক মামলার তথ্য গোপন করে নির্বাচনে লড়ছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তাঁর নাম মোফাজ্জুল হোসেন ওরফে মোফা। বাড়ি পৌর এলাকার মহিষালবাড়ি এলাকায়। হলফনামায় তাঁর বাবার নাম উল্লেখ করা হয়েছে আবদুস সাত্তার। তবে স্থানীয় লোকজন বলেন, তাঁর বাবার নাম সেতাবুর রহমান ওরফে সেতু।
থানা সূত্রে জানা গেছে, মোফাজ্জুলের বিরুদ্ধে গোদাগাড়ী ও দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকের দুটি মামলা রয়েছে। কিন্তু তিনি হলফনামায় নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করলেও মামলা-সংক্রান্ত কোনো তথ্য দেননি। হলফনামার ২ (ক) ধারায় যেখানে লেখা রয়েছে, ‘আমি বর্তমানে ফৌজদারি কোনো মামলায় অভিযুক্ত নহি’, এর পাশে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নহে’। আবার ২ (খ) ধারায় যেখানে ‘আমি বর্তমানে ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং উহার বিস্তারিত বিবরণের পাশে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নহে’। মামলার বিবরণের ঘরগুলো ফাঁকাই রেখেছেন।
গোদাগাড়ী থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত ১৪ নভেম্বর গোদাগাড়ী থানায় করা মামলায় মোফাজ্জুলকে দুই নম্বর আসামি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে করা মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ নভেম্বর বিজিরি একটি দল গোদাগাড়ীর মহিষালবাড়ী ফকিরপাড়ায় শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে খড়ের বস্তার ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইনের তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে শহিদুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিজিবির কর্মকর্তাদের বলেন, এই হেরোইনের প্রকৃত মালিক মোফাজ্জুল।
এ ছাড়া গত বছরের ১৯ ডিসেম্বর দিনাজপুরের কোতোয়ালি থানায় মোফাজ্জুলের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় গত ২৭ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করে। এই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
জানতে চাইলে মোফাজ্জুল প্রথম আলোকে বলেন, দিনাজপুরের মামলাটি খারিজ হয়ে গেছে। সে কাগজও তাঁর কাছে আছে। আর গোদাগাড়ী থানার মামলাটি ষড়যন্ত্রমূলক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উকিলের সঙ্গে পরামর্শ করে হলফনামা পূরণ করেছেন। উকিল তাঁকে বলেছেন, যেহেতু মামলায় কিছু হয়নি, সেটা উল্লেখ করার দরকার নেই। বাবার নাম দুই রকম লেখার ব্যাপারে তিনি বলেন, তাঁর বাবার নাম সেতাবুর রহমান সেতু এটা ঠিক আছে। তবে পরিচয়পত্রে আবদুস সাত্তার লেখা হয়েছে। এ জন্য হলফনামায় তিনি আবদুস সাত্তার নামটিই ব্যবহার করেছেন।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মোফাজ্জুলের হলফনামা বের করে দেখান। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁর বিরুদ্ধে চূড়ান্ত প্রার্থী বাছাই পর্যন্ত কেউ অভিযোগ করেননি। এখন তাঁর মামলার তথ্য জানতে পারলে তাঁর প্রার্থিতা থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। এ ব্যাপারে তিনি বলতে পারবেন।
জানতে চাইলে ইউএনও খালিদ হোসেন বলেন, প্রার্থিতা বাছাইয়ের দিনে তাঁকে মামলার কথা জিজ্ঞেস করা হলে তিনি মামলার বিষয়টি অস্বীকার করেছেন। কেউ তাঁর প্রতিবাদ করেননি বা অভিযোগ করেননি। এই মুহূর্তে তাঁর প্রার্থিতা বাতিল করার কোনো বিধান তাঁর হাতে নেই। তবে নির্বাচিত হওয়ার পরেও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে।