মামলার তথ্য সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে
দেশের প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সংরক্ষণের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আইনগত তথ্যের সহজপ্রাপ্যতা। বিচার প্রশাসনে তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগ করে ই-গভর্নেন্স প্রতিষ্ঠার মাধ্যমে বিচারপ্রার্থী নাগরিকদের জন্য অল্প খরচে ও স্বল্প সময়ে বিচারাধীন মামলার তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা সম্ভব। এই ব্যবস্থায় একই সঙ্গে বিচারকদের জবাবদিহিও নিশ্চিত হতে পারে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে জুডিশিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট (জাস্ট) প্রকল্পের লোকাল এরিয়া নেটওয়ার্ক-‘লেন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের জেলা পর্যায়ের সব আদালতে বিচারাধীন মামলাসমূহের অবস্থান, দৈনিক কার্যতালিকা, আদেশ ও রায়সহ যাবতীয় তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিকানা: www.bdcourt.gov.bdঅনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সব বিচারকের কাজে স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে। নাগরিকদের মানবাধিকার সংরক্ষণ নিশ্চিত হবে। তথ্যপ্রাপ্তির ক্ষেত্র বিস্তৃত ও নিশ্চিত হবে। এই ব্যবস্থায় বিচারকাজে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হলো। ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিচারব্যাবস্থাকে আরও শক্তিশালী করার জন্য ইউএনডিপি অগ্রণী ভূমিকা রাখবে। তথ্যপ্রযুক্তিভিত্তিক এই ব্যবস্থা পুরোনো মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাবে।