মামলার তদন্ত অসম্পূর্ণ আসামিরা মন্ত্রীর আশ্রয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আট একর ১২ শতক সরকারি জমি ভুয়া দলিলে বিক্রি করে দিয়েছে একটি চক্র। এ ঘটনায় মাধবপুর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। কিন্তু পুলিশ এ ব্যাপারে তদন্ত গত এক বছরেও শেষ করতে পারেনি।স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রীর আশ্রয়ে ওই আসামিরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছে। স্থানীয় ব্যবসায়ী আরজু মিয়া বলেন, অপরাধীদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী। তাঁরা সমাজকল্যাণমন্ত্রীর আশ্রয়ে থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে মামলা থেমে আছে এবং আসামিরা ওই ভূমি নিজেদের বলে দাবি করছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার বাদী ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মোতাকাব্বির বলেন, জালিয়াতির মাধ্যমে বিক্রি করা ভূমির আনুমানিক দাম ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।মাধবপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার কাটিয়ারা মৌজার বাজার মসজিদ পুকুরসহ সরকারি আট একর ১২ শতক ভূমির স্বত্ব দাবি করে হবিগঞ্জ জেলা জজ আদালতে ২০১০ সালে মামলা করেন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা সোমেশ্বর প্রসাদ রায়চৌধুরী। তবে ওই মামলাসহ সোমেশ্বরের দুটি মামলা সরকারের পক্ষে যায়। এরপর উপজেলার চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি ভুয়া রেকর্ড পর্চা তৈরি করা হয়। এতে সোমেশ্বরকে ভূমিদাতা এবং একই এলাকার তোফায়েল হোসেন চৌধুরী ও মো. সামছুল হুদাসহ আরও ১৮ জনকে গ্রহীতা বা ক্রেতা দেখিয়ে ২৪ লাখ ও ৮২ লাখ টাকার দুটি বায়নাপত্র গত বছরের ২৬ মে নিবন্ধন করা হয়। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নির্দেশে মাধবপুর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল মোতাকাব্বির বাদী হয়ে সোমেশ্বর প্রসাদ রায়চৌধুরী, মো. তোফায়েল হোসেন চৌধুরী, মো. কামরুল হুদা, অনামিকা রায়, গোলাম কিবরিয়া, মো. রাষ্টু মিয়া, বিল্লালুর রহমান, মো. এমদাদুর রহমান, শাহ মো. সেলিম, শাহ মো. কামাল, হোসনে আরা বেগম, নজমুল করিম, মো. আবদুল্লাহ, মিছির উদ্দিন, আবু তাহের ও মুক্তিপদ রায়সহ ২০ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় গত বছরের ২০ জুলাই মামলা করেন। পাশাপাশি ওই দলিল বাতিলের দাবিতে জেলা আদালতে আরেকটি মামলা হয়। সোমেশ্বর প্রসাদ রায়চৌধুরী বিক্রি করা জমিটি নিজেদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করলেও মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্রলাল সাহা বলেন, ‘জায়গাটি সরকারি সম্পত্তি বলেই আমরা জানি। ব্যক্তিমালিকানা দাবি করে এটি বিক্রির ঘটনায় আমরা বিস্মিত।’মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বলেন, ‘মামলাটি এমনি এমনি পড়ে আছে। কারণ, আদালতে দায়ের করা অপর মামলাটি নিষ্পত্তি না হলে আমরা কিছুই করতে পারছি না।’অভিযোগের ব্যাপারে স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভূমি জালিয়াতির ঘটনার ব্যাপারে তিনি অবগত নন। অপরাধীরা ছাড়া পাওয়ার জন্য হয়তো তাঁর নাম ব্যবহার করছে। প্রশাসনের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।